সারের সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্প প্রতিমন্ত্রী
আসন্ন ইরি-বোরো মৌসুমে দেশব্যাপী চাষি পর্যায়ে ইউরিয়া সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কর্মকর্তা, বিভিন্ন সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও শ্রমিক-কর্মচারী নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী এ কথা বলেন।রাজধানীর বিসিআইসি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এসব বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে জানানো হয়, আসন্ন ইরি-বোরো মৌসুম উপলক্ষে বিসিআইসি পাঁচ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ গড়ে তুলেছে। একই সঙ্গে বিভিন্ন কারখানায় উৎপাদনের পাশাপাশি কাফকো, রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি অব্যাহত রয়েছে। ওমর ফারুক বলেন, সরকার কৃষকের স্বার্থে প্রতি কেজি ইউরিয়া সারে ২০ টাকা ভর্তুকি দিচ্ছে। ভর্তুকির বিষয়টি জনগণকে জানানোর জন্য প্রতি বস্তায় ‘সরকার প্রদত্ত ভর্তুকির এক হাজার টাকা’ কথাটি লেখার নির্দেশ দেন তিনি। বৈঠকে বিসিআইসির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্থার বন্ধ কারখানাগুলো চালু করার দাবি জানান।