ভারতের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোতে একটি অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন। এটি সম্ভব হলে এই অঞ্চলের বৈদেশিক বাণিজ্য আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।কলকাতা শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে শুক্রবার এক সেমিনারে তিনি এই প্রস্তাব দেন। মেলাটির আয়োজক সংস্থা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ‘সার্ক দেশসমূহের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ভুটানের মন্ত্রী, ব্যবসায়ী ও শিল্পপতিরা যোগ দেন।অসীম দাসগুপ্ত সার্ক দেশগুলোতে ব্যাপকহারে পণ্য বিনিময়ের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিৎ সার্ক অঞ্চলকে অর্থনৈতিক দিক থেকে আরও সমৃদ্ধশালী করা।’ এই সেমিনারে সার্কভুক্ত দেশগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য পরস্পরের সঙ্গে আরও বেশি করে পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।বিএনসিসিআইয়ের সভাপতি সুনীল দাসগুপ্তের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ভুটানের অর্থমন্ত্রী রিনপো খান্ডু ওয়াংচু, কলকাতায় ভুটানের কনসাল জেনারেল দাসো সিরিং ওয়াংদা এবং মেলা কমিটির চেয়ারম্যান সমীর কুমার ঘোষ।মুহাম্মদ ফারুক খান রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সার্ক দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। ফারুক খান বলেন. এ ক্ষেত্রে বড় দেশ ও বিশাল বাজার হিসেবে ভারতকেই এগিয়ে আসতে হবে। ভারতকে বাংলাদেশসহ সার্কভুক্ত অন্য দেশগুলো থেকে আরও বেশি করে পণ্য আমদানি করতে হবে। সেই সঙ্গে সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সব ধরনের শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূর করতে হবে। তবে এ ব্যাপারে অন্য সব দেশকেও এগিয়ে আসতে হবে বলে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন।ফারুক খান ভারতসহ সার্কের অন্য দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে এখন শিল্প গড়ার অনুকূল পরিবেশ রয়েছে। ভুটানের অর্থমন্ত্রী বলেন, ‘ভুটান ছোট দেশ হলেও প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমরা চাই এই সম্পদকে কাজে লাগানোর জন্য ভারত এগিয়ে আসুক।’