সার্ক অঞ্চলে অর্থনৈতিক সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক অঞ্চলে অর্থনৈতিক সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে বলে মতপ্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতার কারণে ব্যবসা-বাণিজ্যে তুলনামূলক কার্যকর অগ্রগতি নেই; পারস্পরিক বিনিয়োগও বাড়ছে না। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক ব্যবসায়ী নেতাদের সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব বক্তব্য উঠে আসে।বৈঠকে সার্কভুক্ত দেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পৃক্ততার (কানেক্টিভিটি) মাধ্যমে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব। আর এ উদ্যোগে রাজনৈতিক নেতাদেরই নেতৃত্ব দিতে হবে।বৈঠকে বক্তব্য দেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রত্নসিড়ি বিক্রমানায়েকে, বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, নেপালের প্রতিরক্ষামন্ত্রী সুরাত সিং বান্দারি, পাকিস্তানের সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজ, সার্ক চেম্বারের সাবেক সভাপতি দেশবন্ধু ম্যাকি হাশিম, নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুরুজ বৈদ্য প্রমুখ। সভাপতিত্ব করেন সার্ক চেম্বারের সাবেক সভাপতি তারিক সাঈদ।কাঠমান্ডুর সোয়ালটি হোটেলে তিন দিনের এই ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করেছে সার্ক চেম্বার। গত মঙ্গলবার নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদব সম্মেলনের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের ছয় শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিচ্ছেন।সম্মেলনে রত্নসিড়ি বিক্রমানায়েকে বলেন, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এক দেশ থেকে অন্য দেশে লোকজন যাবে না। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো দেশ এগোতে পারবে না, বিনিয়োগও আসবে না। তাঁর মতে, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল, তা পুরোপুরি অর্জিত হয়নি। হাছান মাহমুদ বলেন, ‘সার্ক অঞ্চলের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। কিন্তু রাজনৈতিক দূরদর্শিতার কারণে দুর্ভাগ্যজনকভাবে অর্থনৈতিক সূচকগুলোতে আমরা পিছিয়ে রয়েছি।’ হাছান মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি-সংকটের মতো চ্যালেঞ্জ এ অঞ্চলে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো দেশের সরকারের পক্ষে এককভাবে বিনিয়োগ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের পানির ওপর কোনো দেশের একক মালিকানা নেই। তাই একটি সমন্বিত ব্যবস্থাপনায় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে উদ্যোগ প্রয়োজন।’সুরাত সিং বান্দারি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যের অভাবে সার্কভুক্ত দেশগুলো এগোতে পারছে না। নিজেদের মধ্যে খুব একটা ব্যবসা-বাণিজ্য হয় না। এ জন্য পারস্পরিক বিনিয়োগ বাড়াতে হবে। সুরাত সিং রাজনৈতিক নেতা ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হয়ে সার্কভুক্ত দেশগুলোর পর্যটন নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ২০১২ সালকে নেপাল ‘বিনিয়োগ বর্ষ’ ঘোষণা করেছে। নেপালে বিনিয়োগ করতে তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান।সারতাজ আজিজ বলেন, সার্কের অগ্রযাত্রায় সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্য-বাধার চেয়ে রাজনৈতিক সমস্যাই প্রধান, যা দূর করার সময় এসেছে। তিনি বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোতে নানা ধরনের অস্থিরতার পাশাপাশি পারস্পরিক আস্থাহীনতাও আছে। এ দুই বাধা দূর করতে রাজনৈতিক উদ্যোগ দরকার।’দেশবন্ধু ম্যাকি হাশিম মনে করেন, নিজেদের অগ্রগতিতে সার্কভুক্ত দেশের সরকারগুলোর চেয়ে সার্ক চেম্বারের ব্যবসায়ীদের অনেক বেশি অর্জন রয়েছে। এখন এসব দেশের রাজনৈতিক নেতারাও মনে করছেন, অর্থনৈতিক সুফল পেতে সার্ক চেম্বারের গুরুত্ব রয়েছে।ম্যাকি হাশিম বলেন, এই সম্মেলনের বার্তা হওয়া উচিত, অংশগ্রহণকারী ব্যবসায়ীদের নিজ নিজ দেশের রাজনৈতিক নেতা ও আমলাদের সার্ক অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সদিচ্ছা তৈরিতে তাগিদ দেওয়া।’ কেননা, এসব দেশের সরকারি পর্যায়ে যে অগ্রগতি হবে, তার চেয়ে এ উদ্যোগই বেশি কার্যকর হবে বলে তিনি মনে করেন।সুরুজ বৈদ্য বলেন, ‘আমরা জনগণের ইচ্ছাকে সম্মান জানাই না। কিন্তু আন্তর্দেশীয় যোগাযোগ (কানেক্টিভিটি) ইস্যুতে রাজনৈতিক নেতাদের জনগণের ইচ্ছাকে মূল্যায়ন করা উচিত।’পানি, জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা; নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের সুযোগ এবং দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক যোগাযোগবিষয়ক অন্য তিনটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয় গতকাল। এসব অধিবেশনে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, খ্যাতনামা ব্যক্তিত্ব (সেলিব্রিটি) ও নারী উদ্যোক্তারা অংশ নেন।এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সার্ক ব্যবসায়ী নেতাদের সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদব।তিনি তাঁর বক্তব্যে সার্ক দেশগুলোর মধ্যকার ব্যবসা-বাণিজ্য দ্রুত বাড়াতে বিভিন্ন ধরনের অশুল্ক বাধা দূর করা এবং প্রতিটি দেশের স্পর্শকাতর পণ্যের তালিকা কমিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।‘আঞ্চলিক পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি’ শীর্ষক এ সম্মেলন শেষ হবে আজ বৃহস্পতিবার।