সার্ক অঞ্চলে আয়বৈষম্য বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় দেশগুলোতে আয়বৈষম্য বাড়ছে। তিন দশকে এই বৈষম্য দ্বিগুণ ছাড়ালেও তা রোধে সমন্বিতভাবে কোনো পদক্ষেপ নেই। এমনকি সভা, সেমিনার ও আলোচনার টেবিলেও উপেক্ষিত থাকছে বিষয়টি। এই বৈষম্য কমাতে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ উঠে এসেছে ‘রিজিওনাল ইন্টিগ্রেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক সম্মেলনে।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট (এসএএনইআই) এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক টি এন শ্রীনিবাসনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএএনইআইয়ের সমন্বয়ক ও বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী স্বাগত বক্তব্য দেন।
সম্মেলনে পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও করাচি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাফিজ এ পাশার ‘রিজিওনাল ইন্টিগ্রেশন ফর ইনক্লুসিভ গ্রোথ ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আলী খান।
প্রবন্ধে বলা হয়, ২০১২ সাল পর্যন্ত দক্ষিণ এশীয় আট দেশে ১৬০ কোটি মানুষের বসবাস, যা বিশ্বের মোট জনগোষ্ঠীর ২৩ শতাংশ। এর মধ্যে ৫০ কোটি মানুষ দরিদ্র। অথচ বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই অঞ্চলের অবদান ৩ শতাংশ (বর্তমানে ২ শতাংশ), আর বৈশ্বিক রপ্তানিতে অবদান মাত্র ২ শতাংশ। আবার আয়বৈষম্য এই অঞ্চলে ১৯৮০ সালের তুলনায় বর্তমানে দ্বিগুণের কাছাকাছি।
দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্ন আয়ের দেশ তিনটি—আফগানিস্তান, বাংলাদেশ ও নেপাল। আর নিম্নমধ্যম আয়ের দেশ পাঁচটি—ভুটান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
মাথাপিছু জিডিপি ২০১২ সালে আফগানিস্তানের ৬৮৮, বাংলাদেশের ৭৫২ ও নেপালের ৬৯০ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। এ সময়ে ভুটানের মাথাপিছু জিডিপি হয় দুই হাজার ৩৯৯, ভারত এক হাজার ৪৮৯, মালদ্বীপ ছয় হাজার ৫৬৬, পাকিস্তান এক হাজার ২৫৬ এবং শ্রীলঙ্কার দুই হাজার ৯২৩ ডলার। নিম্ন আয় ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বৈষম্য ৫০ দশমিক ৪ শতাংশ। অথচ ১৯৮০ সালে এই বৈষম্য ছিল ২১ দশমিক ৪ শতাংশ।
আয়বৈষম্য কমানোসহ সার্বিক নেতিবাচক অবস্থা থেকে উত্তরণে নব্বইয়ের দশকের শেষ দিকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি প্রস্তাবিত ৩০ কোটি ডলারের সার্ক দারিদ্র্য নিরসন তহবিল গঠন, ২০০৭ সালে দিল্লিতে হওয়া চুক্তি অনুযায়ী সার্ক ফুড ব্যাংক চালু, দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বৈত করহার পরিহার চুক্তি করার পরামর্শ দেওয়া হয় প্রবন্ধে। ইতিমধ্যে নয়াদিল্লিতে দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় চালু হয়েছে।
অর্থমন্ত্রী এসব বিষয়ে কোনো কথা বলেননি। তবে তিনি বলেন, উন্নয়নের জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পৃক্ততা জরুরি। বর্তমান সরকার এ ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
উন্নয়নের জন্য শান্তিময় পরিবেশ জরুরি এবং গত বছর দেশে তা ব্যাহত হয়েছিল বলে উল্লেখ করেন আবদুল মুহিত। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক অস্থির অবস্থা ছিল গত বছর। অনেক গুপ্তহত্যা হয়েছিল তখন। সৌভাগ্যের বিষয় যে, জনগণ গুপ্তহত্যা প্রত্যাখ্যান করেছে এবং আট মাস ধরেই দেশে শান্তি বিরাজ করছে।’
টি এন শ্রীনিবাসন বলেন, বিশ্বের যেকোনো অঞ্চলের তুলনায় দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলো পরস্পরের সঙ্গে কম সম্পৃক্ত। সার্বিকভাবে আঞ্চলিক উন্নয়নের জন্য আঞ্চলিক সম্পৃক্ততায় তো জোর দিতে হবেই, বহুপক্ষীয় সম্পৃক্ততার (মাল্টিলেটারেল ইন্টিগ্রেশন) কথাও ভুলে থাকলে চলবে না। আর তখনই আয়বৈষম্য কমবে এবং তার সুফল পৌঁছাবে জনগণের কাছে।
সার্ক এবং দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি অঞ্চল (সাফটা) কেন অন্য আঞ্চলিক জোটগুলোর তুলনায় ততটা সম্পৃক্ত নয়, সে প্রশ্নের কারণ খোঁজারও পরামর্শ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। ভিসা জটিলতায় হাফিজ এ পাশা সম্মেলনে যোগ দিতে পারেননি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। উদ্বোধনী দিনে দুটি প্যানেল অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আরও দুটি অধিবেশন।