আঞ্চলিক পর্যটন উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ার তথা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা সহজীকরণ এবং বিমান চলাচল নিয়মনীতিতে সমরূপতা আনায়নের তাগিদ দেওয়া হয়েছে। ‘পারস্পরিক সহযোগিতা ও আন্তযোগাযোগ-আঞ্চলিক পর্যটন উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক সেমিনারে গতকাল বক্তারা এরূপ অভিমত ব্যক্ত করেন।ঢাকায় চলমান আন্তর্জাতিক পর্যটন মেলার দ্বিতীয় দিনে গতকাল শনিবার এই সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইউনাইটেড এয়ারওয়েজ-মনিটর ঢাকা ট্রাভেল মার্ট-২০১২’ গত শুক্রবার শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়কমন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।সেমিনার: গতকাল মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠা, শ্রীলংকার রাষ্ট্রদূত সারাথ কে ভেরাগোদা, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী মিজানুর রহমান এবং ভারতীয় ভ্রমণ জার্নাল লেটস গোর প্রধান সম্পাদক জয়ন্ত খান অনুষ্ঠানে বক্তব্য দেন।বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম মূলপ্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধটি রচনা করেন মনিটরের প্রধান সম্পাদক ও বিশিষ্ট ভ্রমণবিষয়ক লেখক রকিব সিদ্দিকী। বক্তারা বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ উন্নয়নের জন্য কীভাবে দেশগুলোর বিমান চলাচল নিয়মনীতিতে সমরূপতা আনায়ন করার বিষয়টি খতিয়ে দেখতে হবে। তাঁরা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিমান, স্থল ও নৌ যোগাযোগ স্থাপনের এবং বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর ভিসা উদারীকরণের আহ্বান জানান। সেমিনারের শেষাংশে উপস্থিত শ্রোতারা বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং বক্তারা সেগুলোর ওপর আলোচনা করেন।তিন দিনব্যাপী এই মেলায় স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৫০টি সংস্থা ও প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এসবের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল এবং ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করছে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা। প্রবেশ কুপনের ওপর র্যাফল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠান আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।