রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানরত ১১তম সার্ক বাণিজ্য ও পর্যটন মেলা এখন জমজমাট।তিন দিনের এই মেলার দ্বিতীয় দিনে গতকাল শনিবার ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়। তাঁদের অনেকেই দেশি-বিদেশি বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্য কিনে নেন। আবার কেউ কেউ বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ভ্রমণের বিষয়ে খোঁজখবর নেন।সার্ক দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্পের সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার মেলাটির উদ্বোধন করেন। সার্কের সদস্যদেশগুলোর আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এবারের মেলায় অংশ নিয়েছে। এ ছাড়া সার্কের পর্যবেক্ষক দেশগুলোর স্টলও আছে মেলায়। এসব স্টলে তৈরি পোশাক, খাদ্যসামগ্রী, আসবাবপত্র, হস্তশিল্প, কৃষিজাত পণ্য, প্রসাধন, ওষুধ, মেশিনারি বা যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে। আজ শনিবার মেলার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। এ জন্য কোনো প্রবেশ ফি লাগবে না।