সার্ক ব্যবসা সভায় যোগ দিতে ভারত যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মার আমন্ত্রণে পঞ্চম সার্ক বিজনেস লিডার্স কনক্লেভে (এসবিএলসি) আলোচক হিসেবে যোগ দিতে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কাল শুক্র ও পরশু শনিবার এ সভা অনুষ্ঠিত হবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এর আয়োজন করছে।
ভারতের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে প্রথম দিনের মিনিস্টিরিয়াল রাউন্ডে ‘টেকিং স্টক অব দ্য সাউথ এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন প্রসেস’ শীর্ষক প্রথম অধিবেশনে বক্তব্য দেবেন তোফায়েল আহমেদ।