সার্ক ব্র্যান্ড আঞ্চলিক বাণিজ্য বাড়াতে পারে
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরস্পরের মধ্যে বাণিজ্য বাধা অপসারণে সার্ক ব্র্যান্ড একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।ভারতের দ্য হিন্দু গোষ্ঠীর ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক বিজনেস লাইন-এ গত ২ মে ‘সার্ক ট্রেড, আ সরি স্টোরি’ শীর্ষক নিবন্ধে এই অভিমত প্রকাশ করা হয়। আর শ্রীনিভাসন রচিত এই নিবন্ধে বলা হয়, পারস্পরিক আঞ্চলিক সহযোগিতার মহাপরিকল্পনা নিয়ে গঠিত সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ) কাগজে-কলমে চমৎকার এক ধারণা হয়েই আছে।এতে বলা হয়েছে, চীনের চেয়ে দেড় গুণ বেশি জনসংখ্যা এবং তিন লাখ কোটি ডলারের সমন্বিত জিডিপি নিয়ে সার্কের বাজারে আছে বিশ্বের সবচেয়ে তরুণ, কঠোর পরিশ্রমী ও উজ্জীবিত ভোক্তাগোষ্ঠীর বড় একটি অংশ।বিজনেস লাইন-এর নিবন্ধে আঞ্চলিক বাণিজ্যের বিভিন্ন বাধার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ সবচেয়ে বড় বাধা। এরপর আছে শুল্ক ও অশুল্ক বাধা। অবকাঠামো ও আঞ্চলিক সম্পৃক্ততার ঘাটতি তৃতীয়। পরস্পরের প্রতি অবিশ্বাস ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তনও পথের বাধা হয়ে দাঁড়ায়। সদস্য দেশগুলোর মধ্য দিয়ে ট্রানজিট রুট পাওয়া যায় না।এসব বাধা সার্কের মতো একটি আঞ্চলিক জোটের মধ্যে আন্ত-আঞ্চলিক বাণিজ্য অনেক কম হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় সাত বছরে মোট বাণিজ্য মাত্র ১০০ কোটি ডলার অতিক্রম করেছে।বিজনেস লাইন বলছে, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা পণ্য বাণিজ্য আটকে দিতে অনেক বেশি কার্যকর। কিন্তু সদস্য দেশগুলোয় সার্ক ব্র্যান্ডের অনুপস্থিতি এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায় না। মৌলিক পণ্যের চেয়ে এসব পণ্য দিয়ে প্রস্তুত বিভিন্ন ব্র্যান্ডের উপস্থিতি সব সময় জোরদার হওয়ার কথা।নিবন্ধে প্রশ্ন রাখা হয়েছে, ভারতীয়রা ভারতের প্রতিবেশী দেশগুলোর কয়টি ব্র্যান্ডের নাম উল্লেখ করতে পারবে? ইন্টারনেটে গুগল ব্যবহার ছাড়া বেশির ভাগ ভারতীয়ই নেপালের ওয়াই ওয়াই নুডলস, ভুটানের ড্রুক জ্যাম ও জুস এবং শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলকে পৃষ্ঠপোষকতার কারণে শ্রীলঙ্কার দিলমাহ চায়ের বাইরে কিছু বলতে পারবে না। এতে আরও বলা হয়েছে, গত মাসে ভারতের রাজধানীতে পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ডের এক প্রদর্শনীতে উপচেপড়া ভিড় হয়েছিল। সচ্ছল থেকে সাধারণ দিল্লিবাসী সবাই দলে দলে ভিড় জমিয়েছিল সেই মেলায়। বিজনেস লাইন বলছে, পাকিস্তানি ডিজাইনারদের পোশাক ও ব্র্যান্ড সামগ্রী এত জোরালো ও স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে যে তারা যদি পরদিনই দিল্লিতে দোকান খুলতে পারত, তাহলেও ভালো বিক্রি হতো।এই নিবন্ধকারের মতে, ব্র্যান্ডের দিক থেকে চিন্তা করলে সার্কের বাজারে খুব সহজেই বিস্তার লাভ করা যায়। কেননা, ভৌগোলিকভাবে এটা এক বিস্তৃত-অভিন্ন বাজার। গ্রাহকদের ধরনও প্রায় একই রকম।উদাহরণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপে ভারতীয় চা হিসেবে যা বিক্রি হয়, তা আসলে শ্রীলঙ্কা থেকে বিপুল পরিমাণে আমদানি করা চা। এই চা মোড়কজাত করে বাজারে ছাড়া হয়। আবার কোহিনূর বা লালকিল্লা বাসমতী চাল ভারতীয় হলেও পাকিস্তানি বাসমতী চালকে এগুলো থেকে আলাদা করা প্রায় অসম্ভব এবং উপসাগরীয় দেশগুলোতে এর ব্যাপক চাহিদা আছে। বাংলাদেশের প্রাণ আচার নিয়ে পূর্ব ও উত্তর ভারতে বিপুল উৎসাহ আছে। তবে সে অনুযায়ী প্রাপ্তি একটা বিষয়। শ্রীলঙ্কার জুস ব্র্যান্ড অনজুস প্রায়ই ভারতে ভারতীয় ব্র্যান্ড বলে ভুল করা হয়।বিজনেস লাইন বলছে, ব্র্যান্ড মূল্য ও ব্র্যান্ড স্বীকৃতি গড়ে তুলতে হয়। স্যাটেলাইট টেলিভিশন ও বলিউডে সিনেমার মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ায় সর্বত্র এসব ব্র্যান্ড ছড়িয়ে দেওয়া যায়।বিজনেস লাইন-এর নিবন্ধ অনুসারে, ভারতীয় চলচ্চিত্র তারকারা যেমন প্রতিবেশী দেশে জনপ্রিয়, তেমনি পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট তারকারা ভারতে। কাজেই এঁদের মাধ্যমে ব্র্যান্ডের প্রচার অনেক সহজ হয়।এতে আরও বলা হয়েছে, ‘ভারতে তৈরি’ ছাপযুক্ত পণ্য উন্নত দেশগুলোয় নিম্নমানের হিসেবে দেখা হলেও সার্ক অঞ্চলের ক্রেতাদের কাছে অনেক সহজেই গ্রহণীয়। একইভাবে ‘বাংলাদেশে তৈরি’ বা ‘শ্রীলঙ্কায় তৈরি’ ছাপযুক্ত পণ্য উন্নত দেশের তুলনায় ভারতে কম ভোক্তা-বাধার মুখে পড়বে।নিবন্ধে একজন বাংলাদেশি বাণিজ্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যখন বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকেরা বিশ্বের অত্যন্ত উচ্চ স্তরে সববরাহ করছেন, তখন ‘বাংলাদেশে তৈরি’ বলে দৃশ্যত বিশ্ববাজারে কোনো ব্র্যান্ডের উপস্থিতি নেই।নিবন্ধকার শ্রীনিভাসন এই বলে উপসংহার টেনেছেন যে সার্কের ব্যর্থতার মূলে আছে, ধারণা থেকে বাস্তবে উত্তরণে ব্যর্থতা। যদি এই অঞ্চলের ব্যবসায়ীরা তাঁদের ব্র্যান্ড নিয়ে সক্রিয়ভাবে অগ্রসর হন, তাহলে আমলাদের দ্বিমুখী কথা থেমে যাবে।