সার্ককে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে
তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর মনোভাব পরিবর্তন করা জরুরি।
‘সার্ক চার্টার ডে’ উপলক্ষে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে গতকাল সোমবার এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় সার্ক চেম্বার ও এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন। ৮ ডিসেম্বর ছিল ৩২তম সার্ক চার্টার ডে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন এবং জ্বালানি খাতে সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতার যে সম্ভাবনা রয়েছে, সে ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। তারা সার্ক ভিসা স্টিকার, অশুল্ক বাধা দূর করা, মানসনদ প্রদান ও স্থলবন্দরগুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন এবং এগুলোর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক হাবিব উল্লাহ ডন, এস এম জাহাঙ্গীর হোসেন, সাবেক কয়েক জন পরিচালক ও সার্ক চেম্বারের বাংলাদেশ পক্ষের কার্যনির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অঞ্চলের সাতটি দেশ ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলনে ‘সার্ক চার্টারে’ স্বাক্ষর করে। সার্ক দেশগুলোর আঞ্চলিক শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার।