সার্কভুক্ত দেশগুলোয় রপ্তানি প্রায় স্থবির
সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোয় বাংলাদেশের পণ্য রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়েছে। ২০১১-১২ অর্থবছরে এই দেশগুলোয় মোট রপ্তানি হয়েছে ৬৬ কোটি ২২ লাখ ডলার। আর ২০১০-১১ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬৫ কোটি ১৪ লাখ ডলারের পণ্য।তার মানে, এক বছরে সার্ক দেশগুলোয় বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৬৫ শতাংশ। অথচ ২০০৯-১০ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৪২ কোটি পাঁচ লাখ ডলার। অর্থাৎ, পরের অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হয় ৫৪ শতাংশ। আবার এক বছরে সার্কভুক্ত দেশগুলো থেকে পণ্য আমদানিও বেশ কমেছে। ২০১০-১১ অর্থবছরে যেখানে ৫৩৫ কোটি ৪৯ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে, সেখানে গত অর্থবছরে আমদানি করা পণ্যের পরিমাণ দাঁড়ায় ৪৮৭ কোটি ৫৬ লাখ ডলারে।রপ্তানির প্রায় স্থবিরতা আর আমদানি কমে যাওয়ায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বিত বাণিজ্য-ঘাটতিও কমে এসেছে। ২০১১-১২ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪২১ কোটি ৩৩ ডলারে। আর ২০১০-১১ অর্থবছরে বাণিজ্য-ঘাটতি ছিল ৪৭০ কোটি ৩৫ লাখ ডলারের। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।মূলত ভারতে রপ্তানি কমে যাওয়ার প্রভাবেই সার্কে বাংলাদেশের মোট রপ্তানির প্রবৃদ্ধির হার এত নিচে নেমে এসেছে। কেননা, সার্কভুক্ত দেশগুলোতে যত পণ্য বাংলাদেশ রপ্তানি করে তার বেশির ভাগই হয় ভারতে। তা ছাড়া তামাকজাতীয় পণ্য ছাড়া সব ধরনের পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে ভারত। তার পরও গত অর্থবছরে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে।২০১০-১১ অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি থেকে বাংলাাদেশের আয় হয়েছিল ৫১ কোটি ২৫ লাখ ডলার। আর গত অর্থবছরে দেশটিতে পণ্য রপ্তানি কমে দাঁড়িয়েছে ৪৯ কোটি চার লাখ ডলারে।পরিসংখ্যানে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোতে মোট পণ্য রপ্তানির ৭৩ শতাংশ হয়েছিল ভারতে। গত অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে।গত অর্থবছরে ভারতে একদিকে পণ্য রপ্তানি কমেছে, অন্যদিকে সেখান থেকে আমদানি বেড়েছে। ফলে সামগ্রিক বাণিজ্য ঘাটতিও বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৪৫৭ কোটি ৪৯ লাখ ডলারের। গত অর্থবছরে ৪৭৩ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। এতে বাণিজ্য ঘাটতি ৪০৬ কোটি ২৪ লাখ ডলার থেকে বেড়ে হয়েছে ৪২৪ কোটি ৩১ লাখ ডলারে।ঘাটতি চার দেশে: ২০১০-১১ অর্থবছরে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতির পরিমাণ ছিল ৮৯ লাখ ডলারের। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮৫ লাখ ডলারে। পণ্য রপ্তানি স্থির থাকা এবং আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় সামগ্রিক ঘাটতি বেড়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে আফগানিস্তানে ৩৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের পণ্য রপ্তানির পরিমাণও ছিল একই। তবে একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ এক কোটি ২৪ লাখ ডলার থেকে বেড়ে হয়েছে দুই কোটি ২১ লাখ ডলারে।ভুটানের সঙ্গে অবশ্য ঘাটতি কিছুটা কমেছে। কারণ গত অর্থবছরে দেশটিতে তিন গুণ রপ্তানি বৃদ্ধির পাশাপাশি পণ্য আমদানিও কিছুটা কমেছে। দেশটিতে ৯১ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে দুই কোটি সাত লাখ ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি এক কোটি ১৫ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে ঘাটতি ছিল এক কোটি ৮৬ ডলার।সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশের দ্বিতীয় বড় রপ্তানি বাজার পাকিস্তানেও ২০১১-১২ অর্থবছরে রপ্তানি কমেছে। রপ্তানি হয়েছে সাত কোটি ৩২ লাখ ডলারের পণ্য। আগের বছর দেশটিতে পণ্য রপ্তানি করে আয় হয়েছিল আট কোটি ৬৭ লাখ ডলার।এই সময়ে অবশ্য দেশটি থেকে পণ্য আমদানিও কমেছে। ২০১০-১১ অর্থবছরে যেখানে আমদানি হয়েছিল ৬৭ কোটি ১০ লাখ ডলারের পণ্য, সেখানে গত অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৫১ কোটি ৫২ লাখ ডলারে। ঘাটতিও কমেছে বেশ। ৫৮ কোটি ৪২ লাখ ডলারের ঘাটতি কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ১৯ লাখ ডলারে।বাণিজ্য-ঘাটতি হওয়া অপর দেশটি হলো ভারত, যার তথ্য আগেই উল্লেখ করা হয়েছে।তিন দেশে উদ্বৃত্ত: গত অর্থবছরে শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের সঙ্গে বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে আগের বছর উদ্বৃত্ত ছিল ৬১ লাখ ডলারের। গত অর্থবছরে তা এক কোটি ডলার ছাড়িয়েছে। গত বছরে চার কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে তিন কোটি ২৪ লাখ ডলারের পণ্য।১৭ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে গত অর্থবছরে মালদ্বীপ থেকে আমদানি হয়েছে ১০ লাখ ডলারের পণ্য। উদ্বৃত্ত সাত লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে দেশটির সঙ্গে বাণিজ্য-ঘাটতি ছিল পাঁচ লাখ ডলার।নেপালের সঙ্গে ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতি ছিল তিন কোটি ৮০ লাখ ডলারের। সেই অবস্থা থেকে গত অর্থবছরে বাণিজ্য-উদ্বৃত্ত হয়েছে এক কোটি ৫২ লাখ ডলারের। দেশটি থেকে দুই কোটি ৬৩ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে চার কোটি ১৫ লাখ ডলারের পণ্য।