সার্কিট ব্রেকারে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার চাঙাভাবের মধ্যে লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিকে চাঙাভাবের কারণে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি কোম্পানিই দাম বাড়ার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার স্পর্শ করে। ডিএসইর নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। আর কোনো কোম্পানির দাম এ পর্যায়ে পৌঁছালে ওই কোম্পানির লেনদেন বন্ধ হয়ে যায়।কোম্পানিগুলো হলো: জিবিবি পাওয়ার লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, মেট্রো স্পিনিং, আমরা টেকনোলজিস, ডেল্টা স্পিনার্স, দেশবন্ধু পলিমার, তাল্লু স্পিনিং, মালেক স্পিনিং, ম্যাকসন স্পিনিং মিলস ও সোনারগাঁও টেক্সটাইল। এ ব্যাপারে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, বাজারে এক প্রকার জুয়া খেলা (গ্যাম্বলিং) চলছে। তবে এবার ছোট বাজারে ছোট আকারে হচ্ছে। যে সব কোম্পানির দাম বাড়ার কথা, সে সব কোম্পানির দাম না বেড়ে নির্দিষ্ট কিছু কোম্পানির দাম বেড়েই চলছে। কয়েক দিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তিনি আরও বলেন, যে সব কোম্পানি সার্কিট ব্রেকারে পৌঁছেছে, তাদের দাম এত বেশি বাড়ার কোনো কারণ নেই। তবে এসব কোম্পানি নিয়ে বাজারে বিভিন্ন গুজব রয়েছে বলে জানান তিনি। আর কিছু কিছু বিনিয়োগকারী গুজব শুনে ফাঁদে পা দিচ্ছেন। এ ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এ ব্যাপারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মাদ মুসা প্রথম আলো ডটকমকে বলেন, লেনদেন বাড়ার বিষয়টি বাজারের জন্য ইতিবাচক। সামনে সরকারি বেশ কিছু কোম্পানির লভ্যাংশের ঘোষণা আসছে। এর ফলে ওই সব কোম্পানির লেনদেনের পরিমাণ বেড়েছে। এটা সার্বিক লেনদেনের ওপর প্রভাব ফেলতে পারে।তবে হঠাত্ করে বিশেষ কিছু কোম্পানির দাম অতিরিক্ত বেড়ে যাওয়া বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করেন মোহাম্মাদ মুসা। কেননা একটি চক্র এসব কোম্পানি নিয়ে কারসাজির আশ্রয় নিতে পারে বলে মনে করেন তিনি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ জিবিবি পাওয়ার দর বৃদ্ধিতে শীর্ষে রয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বোচ্চ সীমা অর্থাত্ ৪৯.৬০ টাকায় লেনদেন হয়।এ ছাড়া রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের শেয়ার ৩২.৩০ টাকায়, মেট্রো স্পিনিংয়ের শেয়ার ২৩.৪০ টাকায়, আমরা টেকনোলজিসের শেয়ার ৬১.৩০ টাকায়, ডেল্টা স্পিনার্সের শেয়ার ৪২.৫০ টাকায়, দেশবন্ধু পলিমারের শেয়ার ৩৪.৭০ টাকায়, তাল্লু স্পিনিংয়ের শেয়ার ৩১.৬০ টাকায়, মালেক স্পিনিংয়ের শেয়ার ২৯.৪০ টাকায়, ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার ২১.৫০ টাকায় ও সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম শেষ পর্যন্ত ২১.৫০ টাকায় পৌঁছে।