সার্কে অভিন্ন মানব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর
আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান অশুল্ক ও আধা-শুল্ক বাধা দূর করা গেলে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ জন্য সার্কভুক্ত দেশগুলোতে অভিন্ন মানব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
সার্ক এক্সপার্ট গ্রুপ অন অ্যাক্রিডিটেশনের (সেগা) পঞ্চম সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত রোববার তিনি এ কথা বলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ও সেবার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হয়। জার্মানির মান সংস্থা পিটিবির আর্থিক ও কারিগরি সহায়তায় এ সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি)।
বিএবির মহাপরিচালক মো. আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের পরিচালক এল সাবিত্রী, পিটিবির প্রতিনিধি ক্রিস্টিয়ান স্টেঞ্জ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।