সার্কের অন্য দেশের সঙ্গে মিল রেখে এফবিসিসিআইয়ের সংস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।একই সঙ্গে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন প্রথম সভাপতি এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ কে আজাদ বলেছেন, সার্কভুক্ত অন্যান্য দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের গঠনতন্ত্রের সঙ্গে সংগতি রেখে এফবিসিসিআইয়ের সংঘবিধি সংস্কার করা হবে। পাশাপাশি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনকে রাজনীতিমুক্ত রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।গতকাল বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এফবিসিসিআই নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি আনিসুল হক, প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ ও সহসভাপতি আবু আলম চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া নবনির্বাচিত সহসভাপতিদ্বয় বক্তব্য দেন।এ কে আজাদ বলেন, এফবিসিসিআইয়ের দক্ষতা বাড়ানোই হবে নবনির্বাচিত কমিটির প্রথম কাজ। কারণ ২৭৭টি সমিতি ও ৬৭টি চেম্বারের সমস্যা ও সম্ভাবনা কোনো কিছুরই তথ্য এফবিসিসিআইয়ের কাছে নেই। একটা শক্তিশালী গবেষণা বিভাগ করে ব্যবসায়ী ও ব্যবসার বিভিন্ন সমস্যা ও সমাধান করার উদ্যোগ নেওয়া হবে।আজাদ বলেন, ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট নিয়ে বেশ কিছু অসংগতি রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনার মাধ্যমে এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, ভ্যাটের আইনে একটু ভুল বোঝাবুঝির জন্য পাঁচ বছরের জেল দেওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু একজন ব্যবসায়ীকে জেল দিয়ে সরকারের রাজস্ব বাড়বে না। অন্যদিকে ওই ব্যবসায়ীর ব্যবসা থাকবে না। তাই এ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। আনিসুল হক বলেন, ব্যবসায়ী সমাজের উন্নয়নে বিগত দুই বছর তিনি কাজ করেছেন। বর্তমান কমিটির অসম্পূর্ণ কাজগুলো নবনির্বাচিত কমিটি সম্পন্ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রয়োজন হলে নবনির্বাচিত কমিটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।১৯ জুন ৪৪ সদস্যবিশিষ্ট এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সরাসরি ভোটে ২৮ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় আজাদ-জসিম পরিষদ। ২৮টি পরিচালক পদের মধ্যে এ প্যানেলেরই ২১ জন জয়ী হয়েছেন। অন্য প্যানেলগুলো থেকে সাতজন জয়ী হন।