সার্কের আঞ্চলিক বাণিজ্য বাড়াতে তিন দিনের মেলা
সার্ক দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ১১তম সার্ক বাণিজ্য ও পর্যটন মেলা (ট্রেড ফেয়ার অ্যান্ড ট্যুরিজম মার্ট)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩০ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মেলার উদ্বোধন করবেন।এবারের সার্ক বাণিজ্য ও পর্যটন মেলায় ৩০০ স্টল থাকবে। এর মধ্যে পর্যটন খাতের ৫০টি, সার্কভুক্ত দেশের ১০০টি, সার্ক পর্যবেক্ষক দেশের ২০টি ও বাংলাদেশের ১৩০টি স্টল থাকবে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই মেলা রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে।জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতাহারুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার।সংবাদ সম্মেলনে শুভাশীষ বসু বলেন, সার্কভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ খুবই অল্প। ২০১০-১১ অর্থবছরে এই পরিমাণ ছিল মাত্র তিন হাজার ৫২০ মার্কিন ডলার। ফলে এই দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারলে বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। মেলার এই মূল উদ্দেশ্যের সঙ্গে এবার পর্যটন খাতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। কারণ পর্যটন একটি সেবা, যা বাড়ানো গেলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভালো অবদান রাখতে পারবে।শুভাশীষ বসু আরও বলেন, দেশের জিডিপির ৫৩ শতাংশ আসে বেসরকারি খাত থেকে। এর মধ্যে পর্যটন খাত অন্যতম। পর্যটন খাতের বিকাশ ঘটাতে হলে হোটেল-রেস্তোরাঁ বাড়াতে হবে, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, ২০১০ সালে সারা বিশ্বে ৯৪ কোটি পর্যটক বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এতে ৯১৯ বিলিয়ন ডলার আয় হয়। কিন্তু এ ক্ষেত্রে সার্ক দেশগুলো পিছিয়ে আছে। এখানে বিশ্বের মোট পর্যটকের মধ্যে ১ শতাংশের কম আসেন। আর আয় মাত্র ২ দশমিক ০৬ শতাংশ।মো. আতাহারুল ইসলাম বলেন, ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সারা বিশ্বের পর্যটকদের কাছে নতুনভাবে ব্র্যান্ডিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পরিকল্পনা, অবকাঠামো উন্নয়নসহ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সার্ক বাণিজ্য ও পর্যটন মেলা এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখবে।’আয়োজকেরা জানান, মেলায় অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য এবং পর্যটন-সম্পর্কিত পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবে। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্যিক ও পর্যটন খাত তুলে ধরতে অন্তত ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে। ৩০ জুন থেকে ১ এপ্রিল পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এতে কোনো প্রবেশ ফি লাগবে না।