সার্কের মধ্যে বাণিজ্য বাড়াতে অভিন্ন মান ব্যবস্থা দরকার
সার্কভুক্ত দেশগুলোতে ১৭০ কোটি মানুষের বাস। তবে এই জোটের দেশগুলোর মধ্যকার বাণিজ্যের পরিমাণ তাদের মোট রপ্তানির মাত্র ৫ শতাংশ।
সার্কের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মান সংস্থা (সারসো) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, পণ্য ও সেবার গুণমান বাড়িয়ে সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।
রাজধানীর তেজগাঁওয়ে সারসো ভবনে গতকাল মঙ্গলবার সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন সারসোর মহাপরিচালক সৈয়দ হুমায়ুন কবির।
আমির হোসেন বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান কারিগরি বাধা দূর করতে বিএসটিআই এবং ভারতের বিআইএসের মধ্যে সম্প্রতি পারস্পরিক স্বীকৃতি চুক্তি হয়েছে। ফলে দুই দেশের গবেষণাগারের প্রতিবেদন উভয় দেশেই বিনা প্রশ্নে গৃহীত হবে।
সভায় জানানো হয়, সারসো সার্ক অঞ্চলের দেশগুলোতে অভিন্ন মান নির্ধারণের জন্য ইতিমধ্যে ৩৬টি প্রচলিত পণ্য চিহ্নিত করেছে। এর মধ্যে সাতটি পণ্যের মান চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এগুলো প্রকাশ করা হবে। বাকি পণ্যের মানও তৈরির প্রক্রিয়াধীন রয়েছে। এসব অভিন্ন মান চালু হলে সার্কভুক্ত দেশগুলোতে গুণগত মানের পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও সার্ক অঞ্চলের অবস্থান শক্তিশালী হবে। বিজ্ঞপ্তি।