সার্বক্ষণিক যৌথ পরিদর্শক দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অস্বাভাবিক উত্থান-পতন তদন্তের পরবর্তী ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে একটি ‘সার্বক্ষণিক যৌথ পরিদর্শক দল’ গঠন করা হয়েছে। ১৬ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন মার্কেট অধিশাখার উপসচিব মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত-পরবর্তী ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে এ কমিটি গঠন করা হয়।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সার্বক্ষণিক যৌথ পরিদর্শক দলে মোট চারজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন—সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক (চেয়ারম্যান মনোনীত), বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর মনোনীত), ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা।কমিটির কর্মপরিধি: যৌথ পরিদর্শক দলের সদস্যরা তাঁদের পরিদর্শন প্রতিবেদন এসইসির চেয়ারম্যানের কাছে পেশ করবেন। কমিটির নেতৃত্বে ‘পরিদর্শন পরিকল্পনা’ প্রণীত হবে (পরিকল্পনার মধ্যে থাকবে কোন প্রতিষ্ঠান, কোন ব্যক্তি বা ব্যক্তি বিশেষ, পুঁজিবাজার-সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কর্তৃক কোনোভাবে নিয়মবহির্ভূতভাবে বাজারকে প্রভাবিত করার কাজে লিপ্ত কি না); কমিটি পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের কাছ থেকে সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বাত্সরিক ভিত্তিতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করতে ‘রিপোর্ট ফরম্যাট’ তৈরি করবে এবং ওই প্রতিষ্ঠানের কাছে পরিপালনের জন্য তা প্রদান করবে। এ ছাড়া কোনো বিষয়ে জরুরি তদন্তের প্রয়োজন হলে কমিটি এসইসির চেয়ারম্যানের অনুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অথবা এসইসি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে তাত্ক্ষণিক তদন্ত করবে; যৌথ পরিদর্শক দল প্রতি মাসে একবার তাদের কর্মপরিকল্পনা, অগ্রগতি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা করার জন্য বৈঠক করবে।পর্যবেক্ষণ দল স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, মার্চেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, স্টক ব্রোকার/ডিলার এবং সব তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে শেয়ার লেনদেন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।ওই প্রজ্ঞাপনে গঠিত কমিটির কার্যপদ্ধতি হলো—এসইসি ও স্টক এক্সচেঞ্জের সার্ভিল্যান্স বিভাগের তদন্ত প্রতিবেদন সংগ্রহ; পেপার কাটিং ও ভিডিও ফুটেজ প্রভৃতি সংগ্রহ ও বিশ্লেষণ এবং যৌথ পরিদর্শক দল নমুনা চয়নের ভিত্তিতে তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।তবে কমিটির সীমাবদ্ধতা ও উত্তরণের ব্যাপারেও ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। তা হলো—যৌথ পরিদর্শক দলের কাজের ব্যাপকতায় তাদের সহায়তা প্রদানকারী কর্মকর্তা প্রয়োজন হতে পারে। এ অবস্থায় এ দলের সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁদের সাহায্যে নিজস্ব প্রতিষ্ঠানের পর্যাপ্ত জনবল ব্যবহার করতে পারবেন।