সার্বিকভাবে দেশের ব্যাংক খাতে ঋণ-আমানতের অনুপাত দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৫৯ শতাংশ। এটি ২০১২ সালের ডিসেম্বর মাসের সমাপনী হিসাব। খবর বাসসের।এই সময়কালে ব্যাংকব্যবস্থায় ঋণের চেয়ে আমানতের পরিমাণ বেড়েছে। ডিসেম্বর শেষে দেশের ৪৭টি ব্যাংকের গড় আমানত প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৩২ শতাংশ এবং ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬২ শতাংশ। গত বছরের জুন শেষে আমানতের গড় প্রবৃদ্ধি ছিল ১৯ দশমিক ৮০ শতাংশ। ঋণ বিতরণের প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত। সার্বিকভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ-আমানতের অনুপাত (এডিআর) হার বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার মধ্যে থাকলেও রাষ্ট্রীয় খাতের বিশেষায়িত তিন ব্যাংক ও বিদেশি মালিকানাধীন একটি ব্যাংক এ সীমা অতিক্রম করেছে। তহবিল ব্যবস্থাপনার মানোন্নয়নের কথা বিবেচনা করে ঋণ-আমানত অনুপাতের নির্ধারিত সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এই সীমা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো মোট আমানতের ৮৫ শতাংশ এবং ইসলামি ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। তবে সরকারের বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড—এ তিনটি ব্যাংক ও বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ঋণ-আমানত অনুপাত নির্ধারিত সীমার বাইরে রয়েছে। সর্বশেষ হিসাব অনুসারে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানার চার বাণিজ্যিক ব্যাংকের ঋণ-আমানতের গড় অনুপাত দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৯৫ শতাংশ আর বিশেষায়িত ব্যাংকে ৮২ দশমিক ৪৬ শতাংশ। বেসরকারি খাতের ব্যাংকগুলোয এই অনুপাত দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬৫ শতাংশ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকে ৭৬ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকগুলোর ইসলামি নীতি মেনে চলা শাখাগুলোর এডিআর দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৮৯ শতাংশ। ডিসেম্বর-ভিত্তিক প্রস্তুত করা প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের এডিআর হয়েছে ১৩৬ দশমিক ৫৪ শতাংশ। এরপর রয়েছে বিডিবিএল যার এডিআর হয়েছে ১২৯ দশমিক ২৮ শতাংশ। এরপর আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকের এডিআর হয়েছে ১০৭ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া বেসিক ব্যাংকের এডিআর হয়েছে ৯৩ দশমিক ২৪ শতাংশ।