সালিসিব্যবস্থা কার্যকরের জন্য সময় ও ব্যয় হ্রাসের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের ওপর চাপ কমাতে বাণিজ্যিক বিরোধগুলো নিষ্পত্তিতে সালিসিব্যবস্থাকে অধিকতর কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন দেশের বিচারপতি এবং আইনজীবীরা। একই সঙ্গে তাঁরা এ প্রক্রিয়ার ব্যয় কমানোর এবং সালিসি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির জন্য একটি নির্ধারিত সময় বেঁধে দেওয়ার জোর সুপারিশ করেছেন। গতকাল শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত ‘সালিসিব্যবস্থায় আদালতের হস্তক্ষেপ: সহায়তা নাকি অন্তরায়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। এ সময় তাঁরা বলেন, স্থানীয় আদালতের হস্তক্ষেপের কারণে বাণিজ্যিক বিরোধগুলো সালিসিব্যবস্থায় নিষ্পত্তিতে অনেক সময় দেরি হয়। বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সালিসি কার্যকর করতে তাঁরা বিচারপতিদের মনোভাব পরিবর্তনেরও তাগিদ দেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অনুষ্ঠিত আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি।নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, জে আর মোদাচ্ছির ও মো. তাফাজ্জল হোসেন, বিচারপতি আবদুর রশীদ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ড. এম জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, এমসিসিআইর সহসভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমীন প্রমুখ। বিয়াকের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী উপস্থিত সবাইকে বিয়াক সম্পর্কে অবহিত করেন।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, আদালতের ওপর চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে আরও কার্যকর করা প্রয়োজন। তিনি বলেন, সালিসি আইনে বিরোধ নিষ্পত্তির প্রতিটি ধাপে আদালত সময়সীমা নির্ধারণ করলে তা উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হবে। এ ছাড়া তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সালিসের পাশাপাশি মধ্যস্থতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, অর্থঋণ আদালত আইনে সালিস পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দ্রুত সময়ে আদালতের বাইরে ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য এই প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিয়াকের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারী তথা সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত সব ধরনের বিরোধ নিরসনের জন্য এ প্রতিষ্ঠান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মূল প্রবন্ধ উপস্থাপনকালে আজমালুল হোসেন কিউসি বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সালিসিব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরেন।আজমালুল হোসেন বলেন, এ পদ্ধতি জনপ্রিয় করতে দ্রুততার সঙ্গে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। তা না হলে একদিকে বিচারপ্রার্থীদের ব্যয় বাড়বে, অন্যদিকে এ ব্যবস্থার ওপর তাঁদের আস্থা কমে যাবে।আলোচনায় অংশ নিয়ে দেশের বিশিষ্ট আইনজীবী ও বিচারপতিরা বলেন, দেশি-বিদেশি বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে ভবিষ্যতে বিয়াক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা দ্রুততম সময়ে ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বিয়াককে পরামর্শ দেন।