সালিসে আদালতের হস্তক্ষেপ বিষয়ে বিয়াকের কর্মশালা
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহায়তায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) সম্প্রতি ‘সালিসে আদালতের হস্তক্ষেপ’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও দায়রা জজ পদবির ৩৫ জন বিচারক অংশ নেন। বিয়াকের প্রধান নির্বাহী ড. তৌফিক আলীর সঞ্চালনায় এই কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক এম মফিজুল ইসলাম এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার।কর্মশালায় বাংলাদেশ আরবিট্রেশন অ্যাক্ট, ২০০১ বা সালিসি আইনের বিভিন্ন দিক এবং আদালত কর্তৃক তা প্রয়োগের বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বলা হয়, এ আইনে সালিসের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের অনেক সুযোগ রাখা হয়েছে। আইনের উদ্দেশ্য অর্জনের জন্য বিচারিক ক্ষমতার যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।