সাহায্য পাওয়া ব্যাংকগুলোকে এখন অর্থ ফেরত দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংকটে বিপর্যস্ত হওয়া ব্যাংকগুলোকে রক্ষা করতে উন্নত দেশগুলোর সরকার যে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছে, এখন তা ফেরত দেওয়ার সময় এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী সাতটি রাষ্ট্রের আনুষ্ঠানিক জোট জি-৭-এর বৈঠকে এ মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। গত শনিবার কানাডার ইকালুয়েতে শেষ হওয়া দুই দিনের এই বৈঠকে এই সাত দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানেরা অংশ নেন।ব্যাংকগুলোর ওপর বৈশ্বিক কর বা লেভি আরোপ করার জন্য যুক্তরাজ্য যে প্রস্তাব দিয়েছে, তা নিবিড়ভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দেশগুলো।যদি এ ধরনের কোনো কর বা মাশুল আরোপ করা হয়, তাহলে তা হবে ২০০৮ ও ২০০৯ সালে ব্যাংকগুলোকে উদ্ধারের জন্য সরকার যে অর্থ ঢেলেছে, তা ক্রমান্বয়ে ফেরত নেওয়ার একটি প্রক্রিয়া।ইতিমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বিষয়ে কাজ শুরু করেছে। এ বছরের এপ্রিল মাসেই এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে, যাতে ব্যাংকগুলো কী পরিমাণ অর্থ ফেরত দেবে, তার একটি নির্দেশনা থাকবে।গত বছর সেপ্টেম্বর মাসে জি-২০ জোটের পক্ষ থেকে এ ধরনের একটি প্রতিবেদন প্রণয়ন করার জন্য আইএমএফকে দায়িত্ব দেওয়া হয়। আর এ বছরের জুন মাসে কানাডার টরন্টোতে জি-২০ জোটের সম্মেলন অনুষ্ঠিত হবে।জি-৭ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বৈঠক শেষে জার্মানির অর্থমন্ত্রী উলফ্যাং শায়েবল জানিয়েছেন, ‘সাধারণভাবে এ বিষয়ে একমত হওয়া গেছে যে ব্যাংকগুলোকে আর্থিক সংকটের ব্যয়ের মূল্য দিতে হবে।’প্রায় একই সুরে কানাডীয় অর্থমন্ত্রী জিম ফ্লেহার্টি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই সংকটে ‘তাদের অবদানের জন্য ব্যয়ভার’ বহন করতে হবে।আর ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লেগার্ড বলেন, ‘আমরা সবাই একমত যে ঝুঁকি এড়ানোর জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বজনীন কর বা লেভি আরোপ করতে হবে।’ইতিমধ্যে ব্রিটেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বড় অঙ্কের বোনাসের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপ করেছে। সুইডেনও ব্যাংকঋণের ওপর সরাসরি কর আরোপ করে এক হাজার কোটি ডলার আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছে।আর্থিক সংকট ও জের ধরে সৃষ্ট বিশ্বমন্দার পেছনে বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও ঋণ দেওয়াকে সবচেয়ে বেশি দায়ী করা হয়। আবার কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও অন্যদের রক্ষা করতে সরকারগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় করে। আর এই অর্থ ছিল মূলত আয়করদাতাদের কাছ থেকে পাওয়া। সূত্র: রয়টার্স