
বাংলাদেশ যাত্রা শুরু করেছিল শূন্য হাতে। দেশটি তখন যুদ্ধবিধ্বস্ত। চট্টগ্রাম বন্দর বন্ধ। বৈদেশিক মুদ্রা আয়ের কোনো পথ ছিল না। ১৯৭১-৭২ অর্থবছরে দেশে পাইপলাইনেও কোনো সাহায্য ছিল না।
বিশ্বব্যাপী তখন ধারণা ছিল, বাংলাদেশকে টিকে থাকতে হলে বিদেশি সাহায্য লাগবে। আরেক দলের ধারণা ছিল, সাহায্য দিলেও কাজ হবে না। এই মতের প্রবক্তা ছিলেন সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। তাঁর ভাষায়, বাংলাদেশ হচ্ছে ‘ইন্টারন্যাশনাল বাস্কেট কেস’। অর্থাৎ যত অর্থই এখানে ঢালা হবে, তলা না থাকায় কিছুই অবশিষ্ট থাকবে না।
সত্তরের দশকে বাংলাদেশ ছিল পুরোপুরিই সাহায্যনির্ভর একটি দেশ। এই সাহায্যনির্ভরতা প্রকট হয় আশির দশকের পুরোটা সময়ে। ১৯৮১-৮২ অর্থবছরে বাংলাদেশের নেওয়া মোট বৈদেশিক ঋণ ছিল মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ। এর বিপরীতে সে সময় রপ্তানি আয় ছিল জিডিপির সাড়ে ৩ শতাংশের সামান্য বেশি, আর প্রবাসী-আয় বা রেমিট্যান্স ছিল আরও কম, প্রায় ২ শতাংশ। তখন প্রতিবছর প্যারিসে সাহায্যদাতাদের বৈঠক হতো। কোন সরকার কতখানি সফল, তা মাপা হতো সেখানে বৈদেশিক সাহায্য পাওয়ার পরিমাণের ওপর।
অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ১৯৮২ সালে লিখেছিলেন, ‘বাংলাদেশ আজ চরম অনিশ্চয়তার সম্মুখীন। তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্যোগের মুখোমুখি। মনে হয়, সমাজ যেন আজ ঋণের টাকায় এবং ধার করা সময়ের ওপর বেঁচে আছে। আর এ দুটোই হয়তো যেকোনো মুহূর্তে নিঃশেষ হয়ে যেতে পারে।’
অধ্যাপক রেহমান সোবহান আরও লিখেছিলেন, ‘আমাদের দেশের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, আমদানি নীতিমালা, খাদ্যনীতি ইত্যাদি সবকিছুই ওয়াশিংটন, লন্ডন, বন, টোকিও ও রিয়াদের রাজনৈতিক আবহাওয়ার ওপর নির্ভরশীল এবং আমাদের সরকারকে বসে থাকতে হয় ওই রাজধানীগুলোর দয়া-দাক্ষিণ্যের ওপর।’
১৯৮৯-৯০ অর্থবছরে সম্পূর্ণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ছিল বৈদেশিক সাহায্যনির্ভর। এমনকি রাজস্ব বাজেটেও ঢুকে পড়েছিল বিদেশি সাহায্য। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এরশাদ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে বলতে বাধ্য হয়েছিলেন, ‘আমরা শুধু ভিখারি নই, ভিখারিদের অন্তত এনামেলের একটা ভাঙা বাসন থাকে, যেটা সামনে পেতে রাখে। আমাদের তা-ও নেই।’
নব্বইয়ের দশকে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। এ সময় বাণিজ্য খাতে নানা ধরনের সংস্কার করা হয়। আমদানি প্রতিস্থাপন শিল্প থেকে রপ্তানিনির্ভর শিল্পের দিকে অগ্রসর হতে শুরু করে বাংলাদেশ। এরপর থেকে সরকার পরিবর্তন হলেও রপ্তানিনির্ভর অর্থনৈতিক কৌশল থেকে কেউই সরে যায়নি। অভ্যন্তরীণ অর্থনীতির সংস্কারের পাশাপাশি বেশ কয়েকটি উন্নত দেশ বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য নানা ধরনের বাজারসুবিধা দেয়। বলা যায়, নব্বইয়ের দশকে সাহায্যনির্ভর বাংলাদেশ বাণিজ্যনির্ভর বাংলাদেশের দিকে যে যাত্রা শুরু করেছিল, পরবর্তী সময়ে তা অনেকটাই সংহত হয়েছে।
এখন দেশটির বৈদেশিক সাহায্য জিডিপির ২ শতাংশেরও কম। অন্যদিকে রপ্তানি আয় অনেক বেড়ে হয়েছে ২০ শতাংশের এবং রেমিট্যান্স ১০ শতাংশের বেশি। অর্থাৎ ঋণ গৌণ হয়ে পড়েছে, উঠে এসেছে বাণিজ্য। সাহায্যনির্ভর থেকে বাণিজ্যনির্ভর হওয়াটাও স্বাধীন বাংলাদেশের গত ৪৫ বছরের অন্যতম অর্জন।
আর এ কারণেই ২৯ সেপ্টেম্বর, ২০১০-এ ওয়াল স্ট্রিট জার্নাল-এ বাংলাদেশ নিয়ে প্রকাশিত রিপোর্টটির শিরোনাম ছিল, ‘বাংলাদেশ, “বাস্কেট কেস” নো মোর।’
বাংলাদেশ এগোচ্ছে। স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত বাংলাদেশে গড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার সাড়ে ৪ শতাংশের বেশি বাড়েনি। পরের ১০ বছর জিডিপি বেড়েছে প্রায় ৫ শতাংশ হারে। আর গত ১২ বছর ধরে দেশের গড় জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।
১৯৭২-৭৩ সময়ে চলতি মূল্যে মাথাপিছু আয় ছিল ৬৭১ টাকা, যা সেই সময়ের হিসাবে ১০০ ডলারেরও কম। এখন সেই আয় ১ হাজার ৩১৪ ডলার বা ১ লাখ ২ হাজার ২৬ টাকা। বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ।
খানা আয় ও ব্যয় সমীক্ষা অনুযায়ী, ১৯৮৩-৮৪ সময়েও বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বাস করত ৬১ দশমিক ৯ শতাংশ মানুষ। সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ হয়েছে ২০১০ সালে। সেই হিসাবে দেশে দারিদ্র্যসীমার নিচে বাস করছে ৩১ দশমিক ৫ শতাংশ মানুষ। তবে দারিদ্র্য হার কমলেও আয়ের বৈষম্যে তেমন উন্নতি হয়নি।