সাড়া জাগিয়ে শেষ হলো ভারতীয় পণ্য ও সেবা প্রদর্শনী
ভালো সাড়া নিয়ে ভারতীয় পণ্য ও সেবার তিন দিনের প্রদর্শনী ‘ইন্ডিয়া শো’ শেষ হলো। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গতকাল বুধবার এই প্রদর্শনীর যবনিকা টানা হয়েছে। প্রদর্শনীর আয়োজকেরা জানান, তিন দিনের এই প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। এতে আয়োজকেরা যেমন খুশি, তেমনি সন্তুষ্ট অংশগ্রহণকারীরা। প্রথম দুই দিনের চেয়ে শেষ দিনে ছিল প্রদর্শনীতে উপচে পড়া ভিড়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তিন দিনে প্রায় ২০ হাজারের বেশি দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেছেন। যদিও গত মঙ্গলবার প্রদর্শনীর দ্বিতীয় দিনে হরতালের কারণে দর্শনার্থী কিছুটা কম ছিল। গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল ভারতীয় জুয়েলারি বা অলংকার প্রদর্শনী। বলতে গেলে এর জন্যই ভিড় বেশি হয়েছে। তিন দিনের এই প্রদর্শনীতে ভারতের প্রায় ৬৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে রয়েছে বস্ত্র, হস্তশিল্প, গাড়ি, খুচরা যন্ত্রাংশ, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল শিল্প, গয়না, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান। এই আয়োজন সম্পর্কে ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে এত দিন ধরে কিছুটা বৈরী ভাব বিরাজ করছিল। এই আয়োজনের মধ্য দিয়ে তা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রূপ নিল। আগামী দিনে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে যার ইতিবাচক প্রভাব পড়বে। প্রদর্শনীর অন্যতম আয়োজক সংস্থা ভারতীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) গবেষণা সহকারী শুভজিৎ চক্রবর্তী বলেন, ‘প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীকে ঘিরে আমাদের যে প্রত্যাশা ছিল, তার চেয়ে বহু গুণ বেশি সাড়া পেয়েছি। যদিও প্রথম আয়োজন হিসেবে কিছু ভুলত্রুটি ছিল। তার সত্ত্বেও পুরো আয়োজন শেষে তৃপ্তি নিয়েই আমরা ঘরে ফিরব।’ভারতীয় বিভিন্ন পণ্যের প্রতি এ দেশের মানুষের ব্যাপক আগ্রহ ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে এ দেশে বিনিয়োগের ব্যাপারে অধিক আগ্রহী করে তুলবে বলে মনে করেন শুভজিৎ চক্রবর্তী। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, এফআইসিসিআই ও ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশন (আইবিইএফ) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও আইবিসিসিআই এতে সহায়তা করেছে। এতে অংশ নিতে ভারতের সরকারি ও বেসরকারি পর্যায়ের একটি বড় প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। এদের মধ্যে আইএফসিসিআইয়ের সভাপতি আর ভি কানোরিয়ার নেতৃত্ব ৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিও ছিলেন।