সাড়ে চার কোটি টাকার গম নিয়ে জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলবাহী ট্যাংকারের ধাক্কায় চট্টগ্রাম বন্দরের সাইলো জেটির সামনে গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি গমবাহী একটি ছোট জাহাজ ডুবে গেছে। এতে চার কোটি ৪০ লাখ টাকার প্রায় এক হাজার ৮০০ টন গম রয়েছে।
বন্দর সূত্র জানায়, প্রায় ১০ হাজার টন ভোজ্যতেল নিয়ে ‘এমভি গোল্ডেন ব্লেসিং’ সকাল পৌনে ১০টার দিকে টিএসপি জেটিতে ভেড়ার সময় ‘এমভি ব্লু প্যাসিফিক’ জাহাজকে ধাক্কা দেয়। এতে জেটিতে নোঙর করে রাখা গমবাহী জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে জেটির মুখে ধীরে ধীরে ডুবে যায়। ডুবে যাওয়া এমভি ব্লু প্যাসিফিক জাহাজটির মালিক রিপ শিপিং লাইনস।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থলটি বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। জাহাজডুবির কারণে বন্দরে জাহাজ চলাচলে ব্যাঘাত হচ্ছে না। জাহাজটি উদ্ধার করতে মালিকপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের আমিরা ফুডস এই গম সরবরাহ করেছে।