সাড়ে চার যুগ পর লালমনিরহাট বিমানবন্দর চালুর সম্ভাবনা
দীর্ঘ সাড়ে চার যুগ বন্ধ থাকার পর লালমনিরহাট বিমানবন্দরটি আবার চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।এটি চালু হলে উত্তরাঞ্চলসহ বাংলাদেশের ব্যবসায়িক ও পর্যটনশিল্পে যেমন উন্নতি ঘটবে, তেমনি প্রতিবেশী ভারত, ভুটান এবং নেপালও উপকৃত হতে পারবে বলে ধারণা করা হচ্ছে।তবে লালমনিরহাট বিমানবন্দরটি চালু হওয়ার বিষয়টি নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্তের ওপর। আজ মঙ্গলবার ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইতিবাচক সিদ্ধান্ত হলে সুদীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে অযত্নে-অবহেলায় পড়ে থাকা এই বিমানবন্দর পুনরায় মেরামত ও সংস্কারের মাধ্যমে চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। জানা যায়, ১৯৩৯ সালে দেশের উত্তর সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক হাজার ১৬৬ একর জমি অধিগ্রহণ করে তৎ কালীন ব্রিটিশ সরকার এখানে ‘এশিয়ার দ্বিতীয় বৃহত্তম’ বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করে। তখন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর, বোল্ডার ও নির্মাণসামগ্রী এনে দ্রুত রানওয়েসহ অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই ঘাঁটিই ছিল এ অঞ্চলে মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল।কিন্তু ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই বিমানবন্দরটির কার্যক্রম থেমে যায়। এরপর ১৯৫৮ সালে তৎ কালীন পাকিস্তান সরকার সীমিত পরিসরে পুনরায় এ বিমানবন্দর চালু করলেও নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে বিমানবাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেটিও আর বাস্তবায়িত হয়নি। ফলে চার কিলোমিটার দৈর্ঘ্যের রানওয়ে, বিশাল টারমাক, হ্যাংগার ও ট্যাক্সিওয়ে সবই পরিত্যক্ত থেকে যায়। এরপর ১৯৮৩ সালে বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করে, যার কার্যক্রম এখনো চলছে।এ ব্যাপারে লালমনিরহাট-৩ আসনের সাংসদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (আজ) ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন এজেন্ডায় লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়টিও থাকবে বলে আমি আশাবাদী। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি।’জি এম কাদের আরও বলেন, ভুটান সরকার লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহারের জন্য মৌখিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। তবে বাংলদেশ, ভারত ও ভুটানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হলেই বিমানবন্দরটি চালু হতে পারে বলে তিনি উল্লেখ করেন।এদিকে, লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালসহ চার দেশীয় যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং পর্যটনশিল্পেরও ব্যাপক উন্নয়ন হবে। উল্লেখ্য, গত ১৯ মে ভুটানের পর্যটনমন্ত্রীর নেতৃত্বে সেই দেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সরেজমিনে লালমনিরহাট বিমানবন্দরটি পরিদর্শন করে। প্রতিনিধিদলটি তখন এই বিমানবন্দর ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করে।