সাড়ে চার হাজার পয়েন্টে ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়ে সাড়ে চার হাজার পয়েন্ট ছুঁয়েছে। একই সঙ্গে লেনদেনেও ইতিবাচক অবস্থা লক্ষ করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫০১ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৬টির দাম বেড়েছে, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ২৮১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং, বেঙ্গল উইন্ডসর, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউসিবিএল, বিডি বিল্ডিং, সিএমসি কামাল প্রভৃতি।