দেশের পুঁজিবাজারে আজ সোমবারও দরপতন হয়েছে। এ নিয়ে টানা চার দিন দরপতন ঘটল। আজ দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। ফলে সূচকও কমেছে। তবে দুই বাজারেই গতকালের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, হঠাৎ করে লেনদেন কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতির সৃষ্টি হয়েছে। ফলে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাচ্ছেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় থাকায় দরপতন ত্বরান্বিত হতে পারে বলে মনে করছেন অনেকে। এ কারণে লেনদেনও কমে গেছে গত কয়েক দিনে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৫ পয়েন্ট কমে সাড়ে চার হাজার পয়েন্টের নিচে অর্থাত্ ৪৪৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম কমেছে; বেড়েছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ ৫২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, বিএসসিসিএল, আরএন স্পিনিং, ইউসিবিএল, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, কেয়া কসমেটিকস প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০০ পয়েন্ট কমে ১৩৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দাম কমেছে; বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি।