সাড়ে চার হাজারের নিচে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় আজ রোববার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইর প্রধান সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। পাশাপাশি লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ২৯ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৭৮ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক এক পয়েন্ট বাড়লেও এরপর নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টিরই দাম কমেছে, বেড়েছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২২ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ২৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে ইস্টার্ন হাউজিং
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং। আজ এ প্রতিষ্ঠানের ১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, বিএসসিসিএল, অ্যামারেল্ড অয়েল, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, সেন্ট্রাল ফার্মা, অ্যাটলাস বাংলাদেশ প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক কমেছে ১৩২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮০৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টিরই দাম কমেছে, বেড়েছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ২৮ কোটি টাকা লেনদেন হয়।