সাড়ে ছয় বছরে চালু হয়নি নিউমুরিং টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে শুধু কনটেইনার রাখা হচ্ছে এভাবে। আর দুটো জেটিতে জাহাজ থেকে সনাতন পদ্ধ​তিতে পণ্য খালাস করা হচ্ছে l প্রথম আলো
চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে শুধু কনটেইনার রাখা হচ্ছে এভাবে। আর দুটো জেটিতে জাহাজ থেকে সনাতন পদ্ধ​তিতে পণ্য খালাস করা হচ্ছে l প্রথম আলো

এক কিলোমিটার লম্বা টার্মিনালটি নির্মাণে চট্টগ্রাম বন্দর খরচ করেছে ৫৬৬ কোটি টাকা। এত বিপুল পরিমাণ বিনিয়োগ করেও বন্দর পুরোপুরি সুফল নিতে পারছে না। কারণ, প্রস্তুত অবস্থায় নিউমুরিং টার্মিনালটি সাড়ে ছয় বছর ধরে পড়ে আছে।
নির্মাণের পর থেকেই টার্মিনালটি চালু করতে বন্দর উদ্যোগ নিয়েছিল। কিন্তু জটিলতা এর পিছু ছাড়েনি। দুই দফা দরপত্র আহ্বান করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সব আয়োজনও শেষ করে এনেছিল বন্দর। উচ্চ আদালতে মামলার পর সেই উদ্যোগও ভেস্তে গেছে। এরপর বন্দরের টাকায় যন্ত্রপাতি কিনে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় বন্দর। কিন্তু এই পদ্ধতিতে খুব বেশি সুফল পাওয়া যাবে না, এমন আপত্তির কারণে ১৪ জুলাই দরপত্র-প্রক্রিয়া বাতিল করা হয়।
টার্মিনালটি কীভাবে চালু হবে, এ নিয়ে এখন দুটি পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এক পক্ষ চাইছে, বন্দরই সব যন্ত্রপাতি কিনে দেবে। বেসরকারি অপারেটররা দরপত্রের মাধ্যমে স্বল্পমেয়াদে পরিচালনা করবে। অর্থাৎ এ পদ্ধতিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ না করে শত কোটি টাকার ব্যবসা করতে চায়। এ পক্ষে আছেন বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠানের মািলকেরা, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ অনেকে।
আরেক পক্ষ চাইছে, বেসরকারি অপারেটরই যন্ত্রপাতি কিনে দীর্ঘমেয়াদে টার্মিনাল পরিচালনা করবে। এতে বন্দরের প্রায় এক হাজার ২০০ কোটি টাকার মতো বিনিয়োগ করতে হবে না। নির্দিষ্ট সময় পর পর কেনাকাটা নিয়েও জটিলতা তৈরি হবে না। প্রতিনিয়ত যন্ত্রপাতি মেরামত, রক্ষণাবেক্ষণসহ নানা খাতে বিনিয়োগ করতে হবে না। এ পক্ষে আছেন চট্টগ্রাম চেম্বার এবং সংসদীয় কমিটির নেতারা। অর্থমন্ত্রীও কেনাকাটার বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন এক চিঠিতে।
কীভাবে চালু হবে টার্মিনালটি: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত বুধবার চট্টগ্রামে সাংবাদিকদের জানান, ‘মন্ত্রণালয় টার্মিনালটি চালু করতে নানা উদ্যোগ নিয়েছিল। তবে নানা পক্ষের আপত্তির কারণে আমরা পিছিয়ে গেছি। এখন একটু সময় নিয়ে আলোচনা করে কীভাবে টার্মিনালটি চালু হবে সে জন্য নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে মন্ত্রণালয় ও বন্দর সূত্রে জানা গেছে, টার্মিনালটি দুজন অপারেটর দিয়ে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে মন্ত্রণালয়। যন্ত্রপাতি কিনতে হবে জেটি পরিচালনাকারী অপারেটরকে। পুরোপুরি বিদেশি প্রতিষ্ঠান আসার সুযোগ থাকছে না। দেশীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫১ শতাংশ শেয়ার রেখে বিদেশি প্রতিষ্ঠানও (সর্বোচ্চ ৪৯ শতাংশ) অংশ নিতে পারবে। দরপত্রের মাধ্যমে একজন অপারেটরকে দুটি করে জেটি পরিচালনার সুযোগ থাকবে। দুজন অপারেটর চারটি জেটি পরিচালনা করবেন। বাকি একটি জেটি পানগাঁও নৌ-টার্মিনালের কনটেইনার আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হবে। টার্মিনালের নিয়ন্ত্রণ থাকবে বন্দরের হাতে।
জানা গেছে, ১০ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির সভাপতি, বন্দর চেয়ারম্যান ও নৌমন্ত্রীর এক অনানুষ্ঠানিক বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সমর্থন পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনানুষ্ঠানিক বৈঠক ছিল সেটি। বৈঠকে আমরা জানিয়ে দিয়েছি-বিশ্বজুড়ে বন্দরগুলোতে এখন বেসরকারি অপারেটরই যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনা করছে। এই পদ্ধতিতে টার্মিনালের দক্ষতাও বেশি থাকে। এ কারণে এ পদ্ধতিতে টার্মিনাল পরিচালনায় সংসদীয় কমিটির সিদ্ধান্তে আমরা অনড়। তবে উচ্চপর্যায়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’
জানা গেছে, নতুন এই পরিকল্পনা ‘সরবরাহ, পরিচালনা ও হস্তান্তর (এসওটি)’ পদ্ধতির কাছাকাছি। এসওটি পদ্ধতিতে পুরো টার্মিনালের নিয়ন্ত্রণ চলে যায় বেসরকারি হাতে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শুধু টার্মিনালের নিয়ন্ত্রণ বন্দরের হাতে রেখে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে।
বেসরকারি অপারেটর যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনা (এসওটি) পদ্ধতি এখন বিশ্বজুড়ে সমাদৃত। ২০১০ সালে বিশ্বের বন্দরগুলোর প্রতিনিধিত্বকারী দুটি সংগঠনের (আইএপিএইচ ও এএপিএ) জরিপে দেখা যায়, এই ব্যবস্থায় চলছে ৪১ শতাংশ বন্দর। বন্দর এখন যেভাবে শুধু কনটেইনার ওঠানো-নামানোর কাজ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিচ্ছে সেভাবে চলছে ২২ শতাংশ বন্দর। বিশ্বের ৩৬টি দেশের ৯৩টি বন্দরে এ জরিপ পরিচালনা করা হয়।
এ বিষয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার বলেন, দীর্ঘদিনের জটিলতা নিরসন করে টার্মিনালটি কীভাবে পরিচালনা হবে খুব শিগগির সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কনটেইনার পরিবহনের হার যেভাবে বাড়ছে তাতে এখন এনসিটি দ্রুত চালু করার বিকল্প নেই।
টার্মিনালটি চালু করা না-করা নিয়ে উদ্বেগ বেশি পোশাকশিল্প মালিকদের। কারণ, সদ্য সমাপ্ত অর্থবছরে দুই হাজার ৪৪৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে এই বন্দর দিয়েই। আবার পোশাকশিল্পের সব কাঁচামালও আসছে এ বন্দর দিয়ে। এ কারণে পোশাকশিল্প মালিকেরাই চাইছেন দক্ষ অপারেটরই পরিচালনা করুক টার্মিনালটি।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘পোশাকশিল্পের আমদানি-রপ্তানি পণ্য পরিবহন এই বন্দরের ওপর পুরোপুরি নির্ভরশীল। এ কারণে যেভাবে দক্ষভাবে এই টার্মিনালটি পরিচালনা করা যাবে সেটিই পোশাকশিল্পের জন্য মঙ্গল হবে। আমরা চাই, পোশাকশিল্পের পণ্য পরিবহন গতিশীল করতে দ্রুত টার্মিনালটি চালু হোক।’
সারা দেশের কনটেইনার পরিবহনের প্রায় ৯৭ শতাংশ ওঠানো-নামানো হয় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে। সদ্য সমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১০ শতাংশ বেড়ে সোয়া ১৬ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে এই বন্দর দিয়ে। বেসরকারি খাতে ছেড়ে দিতে না পারায় কনটেইনার পরিবহনের চাপ সামলাতে এখন এনসিটির দুটি জেটিতে সনাতন পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ চলছে।
গভীর সমুদ্রবন্দরের ওপর নির্ভরশীল: সরকারি সূত্রগুলো জানায়, গভীর সমুদ্রবন্দর নির্মাণে কারও সঙ্গে সমঝোতা না হওয়ায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল কীভাবে পরিচালনা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরের আগে অর্থমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বন্দরকে পাঠানো এক চিঠিতে বিষয়টি স্পষ্ট করেছেন। অর্থমন্ত্রী চিঠিতে জানান, গভীর সমুদ্রবন্দর যারা নির্মাণ করবে তারা কাছাকাছি বন্দরের সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাইবে। প্রধানমন্ত্রীর চীন সফরের আগে নিউমুরিং কনটেইনার টার্মিনালের যন্ত্রপাতির ক্রয়-প্রক্রিয়া বন্ধ রাখারও কথা বলেন তিনি। কিন্তু চীনের সঙ্গে গভীর সমুদ্রবন্দর নির্মাণে কোনো সমঝোতা না হওয়ায় নিউমুরিং টার্মিনাল পরিচালনা নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে জানা গেছে।
দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডও গভীর সমুদ্রবন্দর নির্মাণের শর্ত হিসেবে নিউমুরিং টার্মিনাল পরিচালনার ভার নেওয়ার প্রস্তাব দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ জন্য তারা এই টার্মিনালে ২৬০ মিলিয়ন বা দুই হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। গভীর সমুদ্রবন্দরের সঙ্গে এনসিটি পরিচালনার ভার নেওয়ার আগ্রহের বিষয়ে তাদের যুক্তি ছিল-অভিজ্ঞতা সঞ্চয় ও গভীর সমুদ্রবন্দরের মতো বড় প্রকল্পে বিনিয়োগের আগে প্রস্তুতি হিসেবে নিউমুরিং টার্মিনালে বিনিয়োগ করে পরিচালনা। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। চীনের সঙ্গে সমঝোতা না হওয়ার পর এখন ডিপি ওয়ার্ল্ডের বিষয়টি চিন্তাভাবনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যেভাবে জটিলতা তৈরি হলো: পাঁচ জেটির এ টার্মিনালটি নির্মাণ শুরু হয় ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে। শেষ হয় ২০০৭ সালের ডিসেম্বরে। এতে চট্টগ্রাম বন্দরের খরচ হয় ৪৬৮ কোটি ৯০ লাখ টাকা। পরে দুটি জেটির পেছনের কনটেইনার রাখার চত্বর তৈরিতে ব্যয় হয় প্রায় ৯৮ লাখ টাকা। এই টার্মিনাল ব্যবহার করে যত কনটেইনার ওঠানো-নামানো সম্ভব তা চট্টগ্রাম বন্দরের অন্য সব জেটি ও মংলা বন্দর মিলিয়েও তত কনটেইনার ওঠানো-নামানো সম্ভব নয়।
বেসরকারি অপারেটর যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনা করবে এবং নির্দিষ্ট সময় পর বন্দরকে হস্তান্তর করবে-(এসওটি) এই নীতিতে টার্মিনালটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০০৭ সালে। সে জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সব কাজ গুছিয়ে আনা হয়। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বখ্যাত চারটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়।
এ চারটি প্রতিষ্ঠান হলো হাচিসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ডিপি ওয়ার্ল্ড, এপিএম টার্মিনালস এবং ইন্টারন্যাশনাল কনটেইনার সার্ভিসেস। এরপর মূল দরপত্র আহ্বান করা হয়। ২০০৯ সালের নভেম্বরে দরপত্র জমা দেওয়ার সময়ও নির্ধারণ করে বন্দর। তবে তৎকালীন সংসদীয় কমিটি এই প্রক্রিয়ায় প্রথম বাধা দেয়।
২০১০ সালের ফেব্রুয়ারিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সভায় দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ দিতে এই দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী বন্দর দরপত্র বাতিল করে। এরপর দেশীয় সাইফ পাওয়ারটেক ও বিদেশি পিএসএ ইউরোপ নামে আরও দুটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার যোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। মূল দরপত্র দলিলও দফায় দফায় সংশোধন করা হয়। ২০১২ সালের ৩০ আগস্ট দ্বিতীয় দফায় পাঁচটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়।
প্যানেলের পর্যালোচনায় বলা হয়, এই সংশোধন আইনসম্মত হয়নি। এ কারণে দ্বিতীয় দফায় প্রাক-যোগ্য দুটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে প্রথম দফায় প্রাক-যোগ্য চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে দরপত্র-প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় প্যানেল। এই আদেশের বিরুদ্ধে সাইফ পাওয়ারটেক লিমিটেড আদালতে রিট আবেদন করে। আদালত সিপিটিইউর নির্দেশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিলে দরপত্র প্রক্রিয়া ঝুলে যায়।
টার্মিনালটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার সময় যুক্ত ছিলেন বন্দরের তৎকালীন বোর্ড সদস্য হাদী হোসেন। তিনি মনে করেন, বন্দরের নিজের টাকায় যন্ত্রপাতি কেনার চেয়ে সরকার টু সরকার ভিত্তিতে বা বেসরকারি অপারেটরের মাধ্যমে যন্ত্রপাতি সংগ্রহ ও পরিচালনা করা হলে দক্ষতার সঙ্গে টার্মিনালটি পরিচালনার সুযোগ আছে।