সাড়ে তিন বছরে ভোক্তাস্বার্থে মামলা হয়নি একটিও

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্ষতিগ্রস্ত ভোক্তাকে সরাসরি মামলা করার অধিকার দেওয়া হয়নি। আইন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ভোক্তার কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে মামলা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু প্রতিষ্ঠার সাড়ে তিন বছরে ভোক্তাদের পক্ষে একটি মামলাও করেনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী ও দোকানদারদের জরিমানা করেই দায়িত্ব শেষ করছে দেশের ভোক্তাসংশ্লিষ্ট এই সরকারি সংস্থা। ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়নের পর ওই বছরের ১ নভেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করে সরকার। ঠিক এক বছর পর ২০১০ সালের ৬ এপ্রিল বাজার অভিযানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭১(১), ৬০ ও ৬১ ধারা অনুযায়ী, এই আইনের অধীনে ভোক্তা অধিকারবিরোধী কোনো কাজের অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি মামলা করতে পারবেন না কোনো ভোক্তা। কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে ৩০ দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার কাছে অভিযোগ করতে হবে। এ সময়ের মধ্যে অভিযোগ না করলে তা গ্রহণযোগ্য হবে না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করবে অধিদপ্তর।
কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখন পর্যন্ত কোনো মামলা করেনি। তবে জনস্বার্থে কয়েকটি বিচ্ছিন্ন রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে, তার সঙ্গে অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই।
আইনটি পাসের পর এর তীব্র সমালোচনা হয়। সমালোচনাকারীদের মধ্যে অন্যতম ছিলেন সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক মিজানুর রহমান। তিনি এখন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কয়েক দিন আগে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, রাষ্ট্র যখন ভোক্তা স্বার্থরক্ষায় কোনো আইন করে, তার মানে হলো, রাষ্ট্র স্বীকার করে, ভোক্তাদের অধিকার আছে। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটিতে অনেক সীমাবদ্ধতা আছে, যা আসলে ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। আইন অনুযায়ী, ভোক্তারা চাইলেও নিজের অধিকার রক্ষায় অভিযোগ করা ছাড়া কিছুই করতে পারে না।
মিজানুর রহমানের মতে, সরকার আন্তরিক থাকলেও আইনটি আসলে ভোক্তাবান্ধব হয়নি। একইভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকাণ্ডও প্রমাণ করে যে অধিদপ্তরটি ভোক্তাবান্ধব হয়নি।
অবশ্য এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ‘ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়ে যদি অভিযোগ করে, সে ক্ষেত্রে আমরা মামলা করতে পারি। তা না হলে মামলা করা সম্ভব নয়।’
কিন্তু ভোক্তারা তো নিয়মিতই ঠকছেন, এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তর নিজ থেকেই তো মামলা করতে পারে—এমন প্রশ্নে মহাপরিচালকের জবাব, ‘আমরাও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি, জরিমানা করছি। এখন আমরা যদি সুয়োমোটো মামলা করতে থাকি, তাহলে প্রতিদিনই কয়েকটি করে মামলা করতে হবে। এত মামলা চালানোও কষ্টসাধ্য।’
ভোক্তাদের জন্য যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরিমাণ খুবই নগণ্য। অধিদপ্তর সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকে এ বছরের গত নভেম্বর পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে অধিদপ্তরে অভিযোগ এসেছে মাত্র ১৬০টি। এর মধ্যে চারটি অভিযোগের তদন্ত চলছে। বাকি অভিযোগগুলোর নিষ্পত্তি হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘প্রতিদিনই ক্রেতারা প্রতারিত হচ্ছেন। আমরা চাই, প্রতিদিনই তাঁরা অধিদপ্তরে অভিযোগ করুন। কিন্তু তাঁদের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি না। প্রতারিত হয়েও তাঁরা অভিযোগ করছেন না।’
কর্মকর্তার স্বল্পতা: এখন পর্যন্ত ভোক্তাস্বার্থে কোনো মামলা না হওয়ার জন্য জনবলসংকটকে পরোক্ষভাবে দায়ী করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, অধিদপ্তর প্রতিষ্ঠার সময় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির জন্য ২৩৩টি পদ অনুমোদন করে। গত বছরের অক্টোবর পর্যন্ত ২৩৩টি পদের বিপরীতে অধিদপ্তরের কাজ চলেছে ১৭ জন কর্মকর্তা দিয়ে। এর মধ্যে চারজন ছিলেন সংযুক্তিতে (অর্থাৎ এঁরা অধিদপ্তরের নিয়মিত কর্মকর্তা নন)। আর বর্তমানে অধিদপ্তরের নিজস্ব কর্মকর্তা হয়েছেন ২৩ জন। এর বাইরে ডেপুটেশনে অধিদপ্তরে আছেন ১৫ জন কর্মকর্তা। আর তিনজন কর্মকর্তা আছেন সংযুক্তিতে।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘মামলা করার জন্য কোনো প্রতিষ্ঠানের নিজস্ব জনবল থাকতে হয়। না হলে এই মামলা চালাবেন কে?’ অবশ্য এখন মামলা করার সক্ষমতা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এখন নিজস্ব জনবল হয়েছে। এখন মামলাও করা যাবে। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পেলেই করা হবে।