চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে বাংলাদেশ প্রায় পাঁচ কোটি ৪২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি সাহায্য পেয়েছে।এটি গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ের চেয়ে ৫২ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে তিন কোটি ৫৬ লাখ ডলারের সমপরিমাণ বিদেশি সহায়তা এসেছিল। খবর ইউএনবির।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যানুযায়ী, পাঁচ কোটি ৪২ লাখ ডলার বিদেশি সাহায্যের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে তিন কোটি ৮০ লাখ ডলার। এ ছাড়া বিশ্বব্যাংক এক কোটি ডলার, জাপান ৪০ লাখ ডলার ও আইএফএডি ১৬ লাখ ডলার দিয়েছে।মোট প্রাপ্ত সাহায্যের মধ্যে পাঁচ কোটি ৩৭ লাখ ডলার ঋণ। বাকিটা আইডিএ থেকে অনুদান বাবদ পাওয়া গেছে। অন্যদিকে আলোচ্য সময়ে বাংলাদেশ আগের ছয় কোটি ৪৩ লাখ ডলার বিদেশি ঋণের বিপরীতে আট কোটি ১০ লাখ ডলার পরিশোধ করেছে। এর মধ্যে সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে এক কোটি ৬৭ লাখ ডলার। ইআরডি বলছে, বিদেশি সাহায্যে দাতাদের অঙ্গীকার ও প্রাপ্তির ব্যবধান অনেক। যেমন গত জুলাই মাসে দুই কোটি ১৩ লাখ ডলার বিদেশি সাহায্যের অঙ্গীকার ছিল। আর ২০১০-১১ অর্থবছরের জুলাই মাসে এই পরিমাণ ছিল দুই কোটি ডলার।গত অর্থবছরে দেশে বিদেশি সাহায্যের পরিমাণ ছিল ১৭৭ কোটি ৭৩ লাখ ডলার। এর মধ্যে অনুদান হিসেবে ৭২ কোটি ছয় লাখ ডলার ও ঋণ হিসেবে পাওয়া যায় ১০৫ কোটি ডলার। এর আগে ২০০৯-১০ অর্থবছরে এই সাহায্যের পরিমাণ ছিল ২২২ কোটি ৭৭ লাখ ডলার। সেই হিসেবে গত অর্থবছরে ৪৫ কোটি ডলার কম বিদেশি সাহায্য পাওয়া গেছে।গত অর্থবছর দাতাদের কাছ থেকে ৫৯২ কোটি ৯২ লাখ ডলার বিদেশি সাহায্য পাওয়ার অঙ্গীকার পাওয়া গিয়েছিল। এর মধ্যে ঋণ হিসেবে অঙ্গীকার ছিল ৫৩৩ কোটি ৫০ লাখ ডলার। যদিও এর অধিকাংশ ছিল প্রস্তাবিত পদ্মা সেতুর জন্য।