সাড়ে ১৫ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
বেসরকারি খাতের ১৫টি প্রতিষ্ঠানের জন্য ১৫ কোটি ৪০ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে সরকার। বিদ্যুৎ, তৈরি পোশাক, ইস্পাতশিল্পসহ কয়েকটি খাতের প্রতিষ্ঠান এ সুবিধা পাচ্ছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বিনিয়োগ বোর্ডের বাছাই কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে গত মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনুমোদিত ঋণের মধ্যে বিদ্যুৎ খাতের তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ কোটি ৬১ লাখ ডলার ঋণ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপের বিদ্যুৎ খাতের দুই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে তিন কোটি ৫০ লাখ ডলার। সামিট মেঘনা ঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের তিন কোটি ডলার আর সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানির ৫০ লাখ ডলার। এ খাতের আরেক প্রকল্প মিডল্যান্ড পাওয়ার কোম্পানির পক্ষে অনুমোদন করা হয়েছে দুই কোটি ১১ লাখ ডলারের ঋণ।অনুমোদন পাওয়া অন্য প্রতিষ্ঠানের মধ্যে আছে বিএসআরএম স্টিল লিমিটেডের চার কোটি ডলার, সায়হাম টেক্সটাইলের এক কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার, পাহাড়তলী টেক্সটাইলের এক কোটি দুই লাখ ৫০ হাজার ডলার, আম্মান বাংলাদেশ লিমিটেডের ৮৬ লাখ ১০ হাজার ডলার, জে এম ফেব্রিকসের ৭৩ লাখ ২০ হাজার ডলার, হোলসিম সিমেন্টের ৬০ লাখ ডলার এবং ইমপ্রেস নিউটেক্সের ৩৫ লাখ ৮০ হাজার ডলার।এই ঋণের জন্য প্রতিষ্ঠানগুলোকে লাইবর হারে (লন্ডন আন্তব্যাংক অফার রেট) সঙ্গে সর্বোচ্চ সাড়ে চার শতাংশ যোগ করে যে হার দাঁড়াবে, সেই হারে সুদ দিতে হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিদেশি ঋণের প্রস্তাব বিবেচনাধীন আছে। ২০১২ ও ২০১১ সালে যথাক্রমে ১৪৯ কোটি ও ৮১ কোটি ৯০ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।