সাড়ে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছে
ঈদ সামনে রেখে ২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এর মধ্যে গত সোমবার পর্যন্ত সাড়ে ১৫ হাজার কোটি টাকা নিয়েছেন গ্রাহকেরা। ঈদের আগে আর মাত্র এক দিন অর্থাৎ ৭ আগস্ট ব্যাংক খোলা আছে। সে হিসাবে গ্রাহকদের চাহিদামাফিক টাকা সরবরাহের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর বাসসের।এ প্রসঙ্গে নোট সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রধান কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি অফিসার মো. সাইফুল ইসলাম খান বাসসকে বলেন, ‘পয়লা রমজান থেকে বাজারে নতুন নোট ছাড়া হচ্ছে। তবে প্রথম দিকে গ্রাহকদের চাহিদা কম থাকলেও ঈদ কাছাকাছি চলে আসায় চাহিদা এখন অনেক বেড়েছে। গ্রাহকদের চাহিদা অনুসারে টাকা সরবরাহের পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে।’ জানা গেছে, রমজান মাসের শুরুর দিকে দৈনিক ৪০০ থেকে ৬০০ কোটি টাকার চাহিদা থাকলেও চলতি সপ্তাহে গড়ে দৈনিক দেড় হাজার কোটি টাকা ছাড়া হয়েছে। সোমবার গ্রাহকেরা সর্বোচ্চ এক দিনে বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে এক হাজার ৭০০ কোটি টাকা সংগ্রহ করেছেন। বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি সাধারণ গ্রাহকেরাও নতুন নোট সংগ্রহ করতে পারছেন। এদিকে নতুন নোট ছাড়াকে কেন্দ্র করে জাল কারবারিরা যেন সক্রিয় হয়ে না ওঠে, সেদিকেও কড়া নজর রাখছে বাংলাদেশ ব্যাংক।সূত্র জানায়, জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবারই প্রথম ভিডিও প্রেজেনটেশনের মাধ্যমে সব ব্যাংকে জনসমক্ষে জাল নোট শনাক্তের উপায় উপস্থাপন করতে বলা হয়েছে। প্রতিটি ব্যাংক আঞ্চলিক কার্যালয় থেকে রমজান মাসে সপ্তাহে অন্তত এক দিন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেও বিষয়টি বলা হয়েছে। সব মিলিয়ে এবার রমজান মাসে জাল নোটের বিস্তার অন্যান্যবারের চেয়ে কম। এর আগে গত বছর রমজান মাসে ১৬ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিল। ওই সব নোটের বেশির ভাগই ছিল পুরোনো নোট নতুন করে ইস্যু করা। মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবারও পুরোনো নোটই নতুন করে ইস্যু করা হচ্ছে। এবার যে ২০ হাজার কোটি টাকা বাজারে ছাড়া হচ্ছে, তার মধ্যে রয়েছে ছেঁড়া-ফাটা নোটের বিপরীতে বিভিন্ন সময়ে বদলে দেওয়া টাকার পরিবর্তে আট হাজার কোটি টাকা এবং বিভিন্ন ব্যাংকের পুরোনো নোটের পরিবর্তে ১২ হাজার কোটি টাকা।