সাড়ে ১৬ লাখ টন তেল আমদানির প্রিমিয়াম নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজেল, অকটেন ও কেরোসিন—এই তিন ধরনের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রিমিয়াম নির্ধারণের ছয়টিসহ মোট ১১টি দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য ১৬ লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রিমিয়াম নির্ধারণ করা হয়। সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। নূরুল করিম জানান, প্রিমিয়ামসহ মোট ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৮৩ লাখ ডলার। আমদানিতব্য এ জ্বালানি তেলে প্রতি ব্যারেল ডিজেলের জন্য ৩ দশমিক ৮০ ডলার, অকটেনে ৭ দশমিক ৩৫ ডলার ও কেরোসিনে ৪ দশমিক ৮০ ডলার হারে প্রিমিয়াম নির্ধারণ করা হয়। কুয়েতের কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) থেকে চার লাখ ৫০ হাজার টন ডিজেল (গ্যাস অয়েল) ও এক লাখ ২০ হাজার টন অকটেন (জেট এ-১) আমদানি করা হবে। আর এতে ব্যয় হবে ৫২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ডলার। মালয়েশিয়ার পেট্রোনাস ট্রেডিং করপোরেশন (পেটকো) থেকে মোট চার লাখ ২০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে রয়েছে তিন লাখ ১০ হাজার টন ডিজেল, ৭০ হাজার টন অকটেন ও ৪০ হাজার টন কেরোসিন। এ জন্য ব্যয় হবে ৩৮ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ডলার।চীনের পেট্রো চায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড থেকে ৯০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে ৭৪ হাজার টন ডিজেল ও ১৬ হাজার টন অকটেন রয়েছে। ব্যয় হবে আট কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ডলার।ফিলিপাইনের পিনোক এক্সপ্লোরেশন করপোরেশন থেকে এক লাখ ৩২ হাজার টন ডিজেল ও ৪৮ হাজার টন অকটেন, মিসরের মিডল-ইস্ট অয়েল রিফাইনারি লিমিটেড (মিসর) থেকে তিন লাখ টন ডিজেল, সংযুক্ত আরব আমিরাত থেকে ৯০ হাজার টন ডিজেল আমদানি করা হবে। অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হচ্ছে: তিন লাখ ৯০ হাজার টন পটাশ সার আমদানি, নদী ড্রেজিংয়ের জন্য তিন সেট ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় এবং ‘মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৩ কিলোমিটার দীর্ঘ চ্যানেলে ৪১ দশমিক ৯৬ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের কাজ।