সাড়ে ১৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
দেশের কৃষি খাতে প্রযুক্তির উন্নয়নে ১৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। জাতীয় কৃষিপ্রযুক্তি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে এ অর্থ ব্যয় হবে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে চুক্তিটি সই হয়। ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কৃষিপ্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ ও পণ্য সরবরাহ; বাজারব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র, প্রান্তিক ও মহিলা কৃষকের কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো এবং আয় বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন করা। বিশ্বব্যাংক মনে করে, এ প্রকল্পের মাধ্যমে ১০ লাখ গরিব কৃষক উপকৃত হবেন।
প্রকল্পটিতে বিশ্বব্যাংক ছাড়াও যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএস এইড ৭৪ লাখ ৩০ হাজার ডলার অনুদান এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) ২ কোটি ৩৮ লাখ ডলার ঋণ দিচ্ছে।