সাড়ে ১৭ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য
চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রথমবারের মতো এবার ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে নতুন কৃষি ও পল্লিঋণ কার্যক্রম ও নীতিমালা ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।
গভর্নর বলেন, কৃষিঋণ বিতরণের এ লক্ষ্যমাত্রা আবশ্যিকভাবে বাস্তবায়ন করতে হবে। যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে না, তাদের অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ বিনা সুদে বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা করতে হবে।
নতুন কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৩৪ লাখ ২৬ হাজার ১৩০ কৃষক বিভিন্ন ব্যাংক থেকে ১৭ হাজার ৬৪৬ কোটি টাকা কৃষিঋণ সুবিধা নিয়েছেন। বছরটিতে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৪০০ কোটি টাকা। কিন্তু বছর শেষে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
এদিকে ঘোষিত নতুন নীতিমালায় বলা হয়েছে, শস্য ও ফসল চাষের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) অনুসন্ধানের প্রয়োজন নেই। ব্যাংকগুলো এজেন্টদের মাধ্যমে ঋণ দিতে পারবে, তবে সেবা মাশুল বাবদ এজেন্ট সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ অর্থ নিতে পারবে। নতুন নীতিমালায় দেশি ব্যাংকগুলোর জন্য ঋণের ৩০ শতাংশ নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে বিতরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। সর্বোচ্চ সুদ হার বেঁধে দেওয়া হয়েছে ১০ শতাংশ। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরাও ঋণ সুবিধা নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নীতিমালায় ব্যাংকগুলোর সক্ষমতা ও শাখা স্বল্পতার বিষয়টি বিবেচনায় নিয়ে নিট ঋণ ও অগ্রিমের ২ শতাংশ ধরে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর নতুন নয়টি বেসরকারি ব্যাংকের জন্য আগের মতোই মোট ঋণ ও অগ্রিমের ৫ শতাংশ কৃষিঋণ বিতরণের লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে।
চলতি ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। এ অর্থবছরে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ৯ হাজার ২৯০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ৮ হাজার ২৬০ কোটি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ঋণ নীতিমালা ঘোষণা শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, আইসিবি ইসলামী ব্যাংকের দৈন্যদশার কারণে কৃষি ও পল্লিঋণ বিতরণ থেকে ব্যাংকটিকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে কারণে ৫৫টি ব্যাংক এ ঋণ বিতরণ করবে। গত অর্থবছরে ৪৫টি ব্যাংক লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। ১০টি ব্যাংক পারেনি। যেসব ব্যাংক লক্ষ্যমাত্রার যে পরিমাণ ঋণ বিতরণ করতে পারেনি, ওই পরিমাণ অর্থ কেটে রাখা হচ্ছে।
নতুন নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিয়ত প্রসার ঘটছে। এর মাধ্যমে কৃষিঋণ বিতরণের সুযোগ পাওয়ায় অনেক ব্যাংক আরও সহজে ঋণ দিতে পারবে। পরবর্তী বছরে এর সফলতা আরও সামনে আসবে।