সাড়ে ৪০ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের জন্য ৪০ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা হচ্ছে। আর এতে মূল এডিপি থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কেটে ফেলা হবে। প্রতিবছরের মতো মূলত প্রকল্পের টাকা খরচ করতে না পারার কারণেই এডিপি কাটছাঁট করা হচ্ছে।আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ৪০ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এবারের সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তা কমিয়ে ১৫ হাজার কোটি টাকা করা হয়েছে। মূল এডিপিতে বিদেশি সহায়তা রয়েছে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা।স্থানীয় মুদ্রায় সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ হাজার কোটি টাকা। মূল এডিপিতে এর পরিমাণ ছিল ২৭ হাজার ৩১৫ কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে—সাত হাজার ১৮০ কোটি টাকা। এরপর যোগাযোগ বা পরিবহন খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে পাঁচ হাজার ৯০০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাত—বরাদ্দ দেওয়া হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা।পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘এবার সংশোধিত এডিপিতে তিনটি বিবেচনায় প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এগুলো হলো: এ বছর সমাপ্ত হবে এমন প্রকল্প, বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ প্রকল্প।’শামসুল আলম আরও বলেন, বছরের শেষ দিকে প্রকল্প বাস্তবায়নের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। এ জন্য বছরের শুরুতেই প্রকল্পভিত্তিক ক্রয়পরিকল্পনা থাকা দরকার।এদিকে, মূল এডিপির আকার কমানো হলেও প্রকল্পের সংখ্যা বাড়ানো হয়েছে। মূল এডিপিতে প্রকল্প ছিল এক হাজার ৩৯টি; কিন্তু নতুন করে ১৩৯টি প্রকল্প অন্তর্ভুক্ত করে সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭৮। তবে নতুন প্রকল্পগুলোর বেশির ভাগই রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগামী অর্থবছরের এডিপিতে নতুন প্রকল্পের সংখ্যা কম দেখানোয় পুরোনো রেওয়াজ অব্যাহত রাখা হচ্ছে।কম অগ্রাধিকার পাওয়া ১১১টি প্রকল্পে নামমাত্র বরাদ্দ দিয়ে বাঁচিয়ে রাখা হবে। অর্থাৎ, এসব প্রকল্পের মেয়াদ বাড়বে বছরের পর বছর। এতে প্রকল্পের ব্যয় বাড়বে। কম অগ্রাধিকার পাওয়া প্রকল্পগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সেতু বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প বেশি।প্রকল্প বাস্তবায়নের বেহাল অবস্থার কোনো পরিবর্তন হয় না। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) পর্যালোচনা করে দেখা গেছে, ২০০টি প্রকল্পে এ বছর কোনো টাকা খরচ হয়নি। যদিও এসব প্রকল্পে খুব বেশি বরাদ্দ নেই। এই ২০০টি প্রকল্পে মোট ৭৫১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আর জুলাই-ডিসেম্বর পর্যন্ত এসব প্রকল্পের অনুকূলে ৯৬ কোটি ৬১ লাখ অর্থ ছাড় করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এক টাকাও খরচ করতে পারেনি।আবার অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৩৪ শতাংশ। এ সময়ে ১৫ হাজার ৭৮৪ কোটি টাকা খরচ করতে পেরেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে স্থানীয় মুদ্রায় খরচ হয়েছে ৪১ শতাংশ বা ১১ হাজার ২৭৯ কোটি টাকা।