সাড়ে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে দুই ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) সাড়ে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে। এর মধ্যে এসআইবিএল ২৫০ কোটি টাকার মুদারাবা সাব অর্ডিনেটেড বন্ড ছাড়বে। আর ইউসিবিএল ছাড়বে ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড ফ্লটিং রেট বন্ড।গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মুদারবা সাব অর্ডিনেটেড বন্ডের মেয়াদ হবে ইস্যু তারিখ থেকে ছয় বছর। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট কোম্পানি এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই শুধুমাত্র এ বন্ড ক্রয় করতে পারবেন।এতে আরও বলা হয়, অফার ডকুমেন্ট অনুযায়ী এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাসেল-২ এর শর্ত পূরণ, টায়ার-২ মূলধন বৃদ্ধি ও ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখা কাজে ব্যয় করবে।এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা, মার্কেট লট ২০টি এবং ন্যূনতম চাঁদা ১ কোটি টাকা। বন্ডের ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বন্ডের মেয়াদ হবে ইস্যু তারিখ থেকে সাত বছর। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি ও বৈদেশিক উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠানের (করপোরেট, ইনস্টিটিউট) বিনিয়োগকারীরাই শুধুমাত্র এ বন্ড ক্রয় করতে পারবেন।প্রস্তাবিত তথ্য অনুযায়ী ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইউসিবিএল ব্যাসেল-২ এর শর্ত পূরণ, টায়ার-২ মূলধন বৃদ্ধি ও ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখার কাজে ব্যয় করবে।এই বন্ডের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। এছাড়া এ বন্ডের ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।