সাড়ে ৬ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪৮৯ উপজেলায় আগামী তিন বছরে ছোট ছোট প্রায় ১৩ হাজার সেতু ও কালভার্ট তৈরি করা হবে। ৩ হাজার ৬৮৪ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এসব সেতু ও কালভার্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন করা হয়। এটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সভায় এটিসহ ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫১ কোটি টাকা, যার মধ্যে বিদেশি সাহায্য ৯৫৬ কোটি টাকা। আর বাকি টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হবে।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওরের আওতায় সেতু ও কালভার্ট তৈরির প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা দূর হবে। এ ছাড়া ভবিষ্যতে গ্রামাঞ্চলে আর কোনো বাঁশের সাঁকো না রাখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।

এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সেতু ও কালভার্ট তৈরির মতো প্রকল্প অনুমোদন না করার পরামর্শ দিয়েছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সম্প্রতি ইউপি নির্বাচন (নির্বাচনী আচরণ) সংক্রান্ত যে বিধিমালা জারি করেছে তার ২৫(১) ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনপূর্ব সময়ে কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করা যাবে না।’

তাই ইউপি নির্বাচনের তফসিলের প্রতি সম্মান রেখে এ ধরনের প্রকল্প অনুমোদন না করার পরামর্শ দিয়েছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। অবশ্য তিনি সোমবার প্রথম আলোকে এ-ও বলেছিলেন, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে ইউনিয়ন পরিষদ সম্পৃক্ত হতে পারবে না। কারণ, এটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

একনেক সভায় গতকাল অন্য যেসব প্রকল্প অনুমোদিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন; ৩৯৮ কোটি টাকার বৃহত্তর রাজশাহীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; ২৭৬ কোটি টাকা ব্যয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন; ২৩৬ কোটি টাকার সড়ক ও জনপথ অধিদপ্তরের সাপোর্ট টু ঢাকা বাইপাস পিপিপি; ২৩০ কোটি টাকা ব্যয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স স্থাপন; ১৯৪ কোটি টাকা ব্যয়ে জাতীয় ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টার নির্মাণ ইত্যাদি।