সায়হাম টেক্সটাইলের রাইট শেয়ারের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের রাইট শেয়ারের আবেদন নাকচ করে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসি সূত্রে জানা যায়, রাইট শেয়ারের জন্য অতিরিক্ত প্রিমিয়াম ধার্য করায় কমিশন এই অনুমোদন দেয়নি। প্রতিষ্ঠানটি প্রতি ১০০টি শেয়ারে ১৫০টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়ে এসইসিতে আবেদন করেছিল। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। বর্তমানে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১০ টাকা ৫৩ পয়সা। ফলে ৩০ টাকা প্রিমিয়াম যৌক্তিক নয় বলে মনে করে এসইসি।এ ছাড়া বিগত কয়েক বছর প্রতিষ্ঠানটি মাত্র ৭ থেকে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে আসছে। কিন্তু সর্বশেষ ২০১০ সালে ১০০ শতাংশ বোনাস শেয়ার দেয়। একই সঙ্গে সর্বশেষ ১০০ শতাংশ বোনাস ঘোষণা প্রতিষ্ঠানটির মৌলভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে সংস্থাটি।