সিঅ্যান্ডএ টেক্সাইলের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ নভেম্বর প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ মিথ্যা তথ্যে টাকা তুলছে সিঅ্যান্ডএ টেক্সটাইল’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে কিছু বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পক্ষে পরিচালক জামাল উদ্দিন পাটোয়ারি এ ব্যাখ্যা পাঠান। তাতে বলা হয়েছে, কোম্পানি আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন গঠিত পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রুকসানা মোরশেদ ২০১৪ সালের ২ জুলাই ফ্যামিলিটেক্সের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে ফ্যামিলিটেক্সের ওয়েবসাইটে ভুলে পরিচালক হিসেবে তাঁর নাম রয়ে গেছে। 
অর্থ পরিচালক মৃদুল কুমার সেনগুপ্ত সম্পর্কে বলা হয়েছে, তিনি ১৯৮৯ সাল থেকে চাকরিজীবন শুরু করেন। আর ২০০৮ সালে যোগ দেন সিঅ্যান্ডএ টেক্সটাইলে।
কোম্পানির মূল উদ্যোক্তাদের বিষয়ে বলা হয়েছে, মোহাম্মদ মোরশেদ, আরশেদ, আবদুল ওয়াহিদ এবং তাঁদের পিতা কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে তাঁরা শেয়ারধারী হিসেবে বহাল রয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের কোথাও পরিচালনা পর্ষদের অনুমোদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়নি। বরং বলা হয়েছিল, কোম্পানির পরিচালকেরা যখন একই কোম্পানির বেতনভুক্ত বা লাভজনক কোনো পদে থাকেন সে ক্ষেত্রে এজিএমের অনুমোদন নিতে হয়। ফ্যামিলিটেক্সের পরিচালক পদ থেকে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক রুকসানা মোরশেদের নাম ফ্যামিলিটেক্সের ওয়েবেসাইটে পরিচালক হিসেবে রয়ে যাওয়ার তথ্যটি প্রতিবেদনেও বলা হয়েছে। অর্থ পরিচালক মৃদুল কান্তি সেনগুপ্তের বিষয়ে প্রসপেক্টাসে (পৃষ্ঠা-৩৮) সিঅ্যান্ডএ টেক্সটাইলে যোগদানের বছর দেখানো হয়েছে ১৯৮৯ সাল। প্রসপেক্টাস দেখে কোম্পানিটির উদ্যোক্তাদের সম্পর্কে ধারণা পাওয়ার কোনো সুযোগ নেই।