সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ঘণ্টা সমঝোতা বৈঠকের পর চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। প্রত্যাহারের পর গতকাল সোমবার বিকেল চারটা থেকে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রমও শুরু হয়েছে। কর্মবিরতির কারণে ক্ষতি পুষিয়ে নিতে গতকাল রাত ১০টা পর্যন্ত কাস্টম হাউস সচল রাখা হয়। এ সময় শুল্ক-কর পরিশোধ করতে সোনালী ব্যাংকের শাখাও খোলা ছিল। এর পরও ক্ষতি পুষিয়ে নিতে আরও এক-দুদিন সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করার প্রতিবাদে গত রোববার থেকে কর্মবিরতি কর্মসূচি শুরু করে সংগঠনটি। জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সংগঠনটির লাগাতার কর্মবিরতিতে অচল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গতকাল সোমবার সকালে রাজস্ব বোর্ডের তিন সদস্যের উপস্থিতিতে কাস্টম হাউসের কর্মকর্তা ও ব্যবহারকারীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। কাস্টম হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে বিকেলে রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন (মূসক) সাংবাদিকদের বলেন, বৈঠকে ছয় দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সব ব্যবহারকারীকে নিয়ে একটি তদারকি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি প্রতি মাসে একবার বৈঠকে বসে যেকোনো সমস্যা সমাধান করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআরের এই সদস্য বলেন, ‘এই সংগঠনের এক নেতাকে কাস্টম হাউসের লাইসেন্সিং কর্তৃপক্ষ যে জরিমানা করেছে, তা যথাযথ পর্যালোচনা করে নেওয়া হয়নি। জরিমানা আরোপ করার বিষয়টি আইনগতভাবে সঠিক হলেও জাতীয় স্বার্থে আমরা এক লাখ টাকা জরিমানা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কমিশনারের বদলির বিষয় বৈঠকে কেউ উত্থাপনও করেনি, কোনো আলোচনাও হয়নি।’ বৈঠক শেষে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, সব দাবিই মেনে নেওয়ায় কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, ‘ছয় দফা না মানলে কমিশনারের পদত্যাগের কথা বলেছিলাম। দাবি মেনে নেওয়ায় কমিশনারের পদত্যাগের বিষয়টি আলোচনা করিনি।’সমঝোতা বৈঠকে রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) নাসির উদ্দিন ও সদস্য (শুল্ক গোয়েন্দা) ফিরোজ শাহ আলম, কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম, অতিরিক্ত কমিশনার মতিউর রহমান ও সৈয়দ মুশফিকুর রহমান, যুগ্ম কমিশনার আবদুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএসহ ব্যবহারকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির: প্রায় দুই দিনের কর্মবিরতির কারণে গত রোববার থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম হয়নি। এ কারণে বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। কর্মবিরতির প্রথম দিন গত রোববার ৭৯৩টি কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) এবং গতকাল বিকেল পর্যন্ত প্রায় ৩৫০ কনটেইনার খালাস হয়েছে। সাধারণত দিনে দেড় থেকে দুই হাজার কনটেইনার খালাস হয়। অবশ্য গতকাল ভোর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৫২২ কনটেইনার রপ্তানি পণ্য জাহাজে বোঝাই হয়েছে। কনটেইনার খালাসের হার কমে যাওয়ায় দুই দিনে বন্দর ইয়ার্ডে দুই হাজার কনটেইনার বেড়ে যায়। গতকাল কনটেইনার পড়ে ছিল প্রায় ২৬ হাজারটি। কর্মবিরতির আগে গতকাল দুপুরে প্রাইম সোয়েটার লিমিটেডের প্রায় সোয়া দুই লাখ ডলার রপ্তানি মূল্যের চারটি চালান শুল্কায়নের চেষ্টা প্রতিহত করে দেন সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা। বিষয়টি নিয়ে মালিক সমিতি ও কর্মচারী সমিতির নেতাদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। অবশ্য কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল বিকেল চারটা থেকে কাস্টম হাউসে শুল্কায়ন শাখাগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। কাস্টম হাউসের উপকমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ক্ষতি পুষিয়ে নিতে সোমবার রাত ১০টা পর্যন্ত কাস্টম হাউস সচল রাখার ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য যাবতীয় দালিলিক কার্যক্রম সম্পন্ন করেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। আমদানিকারক ও রপ্তানিকারকেরা এসব কার্যক্রমের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট মনোনীত করেন।