সিঅ্যান্ডএফ সমিতির কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম-দুর্নীতি ও হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি ও রপ্তানির কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি পালন শুরু করেছেন।সিঅ্যান্ডএফ সমিতির কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধর্মঘট পালন করছে ঢাকা ও বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্সি সমিতিগুলোও।তবে এই কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছে রপ্তানিকারকদের সংগঠন ইএবি এবং তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।সংগঠন দুটি সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি নিয়ে আলোচনায় বসে এ সমস্যার সমাধান করতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে। বিজিএমইএ এক বিবৃতিতে বলেছে, সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানির শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে। পোশাকশিল্পের উদ্যোক্তারা বিদ্যুৎ, গ্যাসসংকটসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করছে, রপ্তানি বাজারগুলোতে মন্দা চলছে, সেখানে কোনো কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলে পোশাকশিল্প খাত মুখ থুবড়েও পড়তে পারে। অপর বিবৃতিতে ইএবি বলেছে, কর্মবিরতির ফলে পণ্য জাহাজীকরণে বিলম্ব হওয়ায় ব্যয়বহুল বিমানে পণ্য পাঠাতে গিয়ে উদ্যোক্তাদের বড় অঙ্কের লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দেবে।ইএবি সিঅ্যান্ডএফ এজেন্সির করা দাবির যুক্তিসংগত সমাধান করে বন্দরগুলোতে দ্রুত আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে।