সিআইপি কার্ড পেলেন ১৩ প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ’ অবদানের জন্য ১৩ জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পরট্যান্ট পারসন বা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গতকাল বুধবার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) এই কার্ড দেওয়া হয়। কার্ড তুলে দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় প্রবাসীকল্যাণ সচিব জাফর আহমেদ খান জানান, ২০১০ সালে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে ও বাংলাদেশি পণ্য আমদানির মাধ্যমে অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি শ্রেণীতে ১৩ জনকে সিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। আগামী এক বছর তাঁরা এই সুবিধা পাবেন। এই ১৩ জনের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর সুবাদে ১০ জন সিআইপি মার্যাদা পান। তাঁরা হলেন যুক্তরাজ্য-প্রবাসী মোহাম্মদ আবদুর রহিম, সৌদি আরব-প্রবাসী চট্টগ্রামের লিয়াকত আলী ও ঢাকার কাজী নুরুল আলম, সংযুক্ত আরব আমিরাত-প্রবাসী চট্টগ্রামের রেজাউল আজিম, ইতালি-প্রবাসী ঢাকার দুই ভাই মোহাম্মদ ইদ্রিস ও জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন, ওমান-প্রবাসী চট্টগ্রামের মেহরুন নেছা আখতার, অস্ট্রেলিয়া-প্রবাসী ঢাকার সিনথিয়া রহমান, যুক্তরাজ্যে কর্মরত মৌলভীবাজারের এমজি মৌলা মিয়া এবং কুয়েত-প্রবাসী চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ।এ ছাড়া সবচেয়ে বেশি বাংলাদেশি পণ্য আমদানি করায় সিআইপি মর্যাদা পেয়েছেন রাশিয়া-প্রবাসী ব্যবসায়ী গোপালগঞ্জের মনোয়ার হোসেন, সংযুক্ত আরব আমিরাতে থাকা ব্যবসায়ী চট্টগ্রামের মুহাম্মদ আলী ও শেরপুরের এ এইচ এম তাজুল ইসলাম।অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। বিগত জোট সরকারের প্রথম চার বছরে প্রবাসীরা এক হাজার ৩০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান সরকারের চার বছরে প্রবাসীরা চার হাজার ১০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। এ ছাড়া মন্ত্রী বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিআইপি পাওয়া প্রবাসীরা এই কার্ডের সংখ্যা আরও বাড়ানো, বিমানবন্দরে ভোগান্তি কমানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দাবি করেন। তাঁদের এই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলী, যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।