সিআইপি কার্ড পেলেন ৫৬ শিল্প উদ্যোক্তা
বেসরকারি খাতে শিল্প গড়ে তোলা, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫৬ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প) কার্ড দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণ করেন।
শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৫ সালের জন্য ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত ৪৯ জন এবং পদাধিকারবলে ৭ জন শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠান এ কার্ড পেয়েছেন। তাঁদের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২৫ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১৫ জন, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৫ জন, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ২ জন ও কুটির শিল্প ক্যাটাগরিতে ২ জন।
কার্ড বিতরণ উপলক্ষে রাজধানীর হোটেল পূর্বাণীতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, সিআইপি কার্ডপ্রাপ্ত উদ্যোক্তা রুপালী হক চৌধুরী এবং মো. আবদুর রাজ্জাক বক্তব্য দেন।
সিআইপি পরিচয়পত্রধারীরা আগামী এক বছর রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা ও অগ্রাধিকার পাবেন। এর মধ্যে রয়েছে সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, ব্যবসাসংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার ইত্যাদি।
অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, পরিবেশদূষণ থেকে রাজধানীবাসীকে সুরক্ষায় সরকার সাভারে আধুনিক চামড়া শিল্পনগর গড়ে তুলছে। এ মাসের মধ্যেই হাজারীবাগ থেকে সব কাঁচা চামড়া কারখানা সরিয়ে দেওয়া হবে।