সিআইপির প্রাথমিক তালিকায় হলমার্কের তানভীর মাহমুদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচনের প্রাথমিক তালিকায় রয়েছেন বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ। হলমার্ক গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি এই তালিকায় রয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো: হলমার্ক ডিজাইনওয়্যার লিমিটেড, হলমার্ক ফ্যাশন লিমিটেড, ওয়ালমার্ট ফ্যাশন লিমিটেড ও ববি ফ্যাশন লিমিটেড। গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয় সিআইপি সম্মাননা দেওয়ার জন্য ১৫৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। এরপর এই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। সাধারণত ঋণখেলাপি ও করখেলাপিদের এই সম্মাননা দেওয়া হয় না। তাই যাচাই-বাছাই শেষে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তালিকা চূড়ান্ত করবে। রাজস্ব বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর প্রতিষ্ঠানগুলো কয়েক মাস ধরেই ঋণ কেলেঙ্কারির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এমন অবস্থায় এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিক তালিকায় রাখা যুক্তিযুক্ত হয়নি। জানা গেছে, হলমার্ক গ্রুপের যে চারটি প্রতিষ্ঠান এই প্রাথমিক তালিকায় রয়েছে, তার মধ্যে দুটি প্রতিষ্ঠান বার্ষিক আয়কর বিবরণী জমা দেয়নি। এই দুটি প্রতিষ্ঠান হলো: হলমার্ক ডিজাইনওয়্যার লিমিটেড ও হলমার্ক ফ্যাশন লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠান যথাক্রমে কর অঞ্চল-৭-এ নিবন্ধিত। নিবন্ধন নেওয়ার পর এই দুটি প্রতিষ্ঠান আয়কর বিবরণী জমা দেয়নি। অবশ্য বাকি দুটি প্রতিষ্ঠানের বিবরণী পেয়েছে এনবিআর। ববি ফ্যাশন কর অঞ্চল-৮ এবং ওয়ালমার্ট ফ্যাশন কর অঞ্চল-৬-এ নিবন্ধিত। এই চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ। সম্প্রতি তানভীর মাহমুদ গ্রেপ্তার হয়েছেন।হলমার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আড়াই হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি রয়েছে। এই ঋণ কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও এনবিআর নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সিআইপির জন্য আবেদনের সময়সীমা ছিল। কয়েক শ আবেদনের মধ্য থেকে ১৫৯টি প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রাথমিক তালিকায় রাখা হয়। সাধারণত রপ্তানি পণ্য ও ব্যবসায়—এই দুই শ্রেণীতে সিআইপি সম্মাননা দেওয়া হয়। রপ্তানির পরিমাণ, আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধের পরিমাণ, ব্যবসার ধরন, কর্মসংস্থান ইত্যাদি বিবেচনা করে সিআইপির প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে ঋণখেলাপি ও করখেলাপি কি না, তা যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচিত করা হয়। ২০১১ সালের জন্য মোট ১১৬ জন ব্যক্তি সিআইপি নির্বাচিত হন। এর মধ্যে রপ্তানি পণ্যে ৭৮ জন এবং ব্যবসায় ৩৮ জন ব্যক্তি সিআইপি মর্যাদা পাচ্ছেন।