সিইউএফএলে গ্যাস সরবরাহের দাবি
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ ও প্রতিষ্ঠানটি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা দুই দিন ধরে বিক্ষোভ-সমাবেশ করছেন। আজ রোববারও তাঁরা একই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
গতকাল শনিবার এক সমাবেশে শ্রমিকনেতা মো. নাছির উদ্দিন বলেন, ‘আমরা বসে বসে বেতন নিতে চাই না, কাজ করে খেতে চাই। চোখের সামনে কারখানাটির ধ্বংসের আলামত দেখে আমরা শঙ্কিত হয়ে পড়েছি।’
শ্রমিক-কর্মচারীরা গত শুক্রবার সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবু জামাল সরকারকেও তাঁর বাংলোয় প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পাঁচটি সার কারখানায় গ্যাস দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে সিইউএফএল এখনো তা পায়নি। সে জন্য তাঁরা আন্দোলনে নেমেছেন।
গতকাল সিইউএফএল শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মো. নাছির উদ্দিন, আবদুর রহিম, বজলুর রহমান ভূঁইয়া প্রমুখ।
এদিকে আবু জামাল সরকার প্রথম আলোকে বলেন, ‘কারখানার শ্রমিকেরা ন্যায্য ইস্যুতেই আন্দোলন করছেন। গ্যাস পাওয়ার ব্যাপারে আমি কেজিডিসিএল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছি। আশা করছি, শিগগিরই ভালো একটি সমাধান আমরা পাব।’
প্রসঙ্গত, গ্যাস সরবরাহ বন্ধের কারণে গত ১৫ জানুয়ারি থেকে কারখানাটি বন্ধ আছে। এ কারখানার দৈনিক ইউরিয়া উৎপাদনের ক্ষমতা ১৭০০ মে. টন। ২০১২-১৩ অর্থবছরে এটি মাত্র ৭৭ দিন চালু থাকায় লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে ছিল।