সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণের ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি আরও জানান, ট্যানারি দ্রুত সরাতে শর্ত শিথিল করে মালিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।
ট্যানারি স্থানান্তরের অগ্রগতি পর্যালোচনা নিয়ে গতকাল বুধবার এক সভা শেষে এসব কথা জানান তিনি। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), চামড়া শিল্পনগরী প্রকল্প কার্যালয়ের কর্মকর্তারা ও ট্যানারি মালিকদের দুই সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে সরিয়ে নিতে ২০০৩ সালে চামড়া শিল্পনগরী প্রকল্প নেয় সরকার। এ প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৭৯ কোটি টাকা। এর মধ্যে সিইটিপি নির্মাণ বাবদ ৬৩৮ কোটি ও মালিকদের ক্ষতিপূরণ বাবদ ২৫০ কোটি টাকা ধরা আছে।
সিইটিপি নির্মাণের ব্যয় সরকার বহন করলে শিল্পনগরীতে বেশ কম দামে জমি পাবেন ট্যানারির মালিকেরা। এখন প্রতি বর্গফুট জমির দাম ৩৫০ টাকার কাছাকাছি পড়বে। সিইটিপির ব্যয় ধরলে এ দর প্রতি বর্গফুট ১ হাজার ৭০০ টাকার কাছাকাছি পড়ত। তবে চূড়ান্ত দর কত হবে তা এখনো ঠিক হয়নি।
সভায় ট্যানারি সরাতে মালিকেরা আরও তিন মাস সময় চেয়েছিলেন। শিল্প মন্ত্রণালয় তাঁদের দাবি নাকচ করে দিয়ে চলতি এপ্রিল মাসের মধ্যে ট্যানারি সরানোর প্রক্রিয়া শেষ করতে বলেছে। তবে হাজারীবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়া ঢুকবে কি না, তা স্পষ্ট করেননি শিল্পসচিব।
মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, এত দিন সময় দেওয়া যাবে না। আমাদের প্রকল্পই আগামী জুন মাসে শেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন মালিকেরা সাভারে যাওয়ার জন্য ড্রাম সরানোসহ অন্যান্য কাজ গুটিয়ে প্রস্তুত হচ্ছেন। আমরা তাঁদের বলেছি, এ প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ করতে হবে।’
হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে কি না—এ প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘হাজারীবাগের প্রক্রিয়া বাধার সম্মুখীন হবেই। আমরা সরাসরি বলছি না যে কাঁচা চামড়া ঢুকবে, এটাই হলো কথা।’
শিল্পসচিব বলেন, এখন থেকে এক তলার ছাদ আংশিক নির্মাণ করলে অথবা নির্মাণকাজের উপকরণ প্রকল্প এলাকায় নিলে ক্ষতিপূরণের দ্বিতীয় কিস্তির ৪০ শতাংশ টাকা দেওয়া হবে। এর আগে শর্ত ছিল, এক তলার ছাদ নির্মাণ শেষ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মালিকেরা।
জমি নিবন্ধনের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, মালিকেরা যাতে জমির বিপরীতে ঋণ পান, সে জন্য জমি নিবন্ধন প্রক্রিয়া এ মাসেই শুরু হবে। যাঁরা বেশি স্থাপনা তৈরি করেছেন, তাঁদের জমি নিবন্ধন করে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ
সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘সরকার বলেছিল সিইটিপি নির্মাণের ব্যয় তারা বহন করবে। এ ব্যয় বাদ দিয়ে জমির যে দাম হবে, আমরা তা দেব।’
জমির দাম নিয়ে গতকাল বিকেলে চামড়া শিল্প স্টিয়ারিং কমিটির একটি বৈঠক হয়েছে। সেখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
এদিকে প্রথম আলোর নাটোর প্রতিনিধি জানান, হাজারীবাগ ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলার চামড়া ব্যবসায়ীরা। তাঁরা এ নিষেধাজ্ঞার কারণে ভারতে চামড়া পাচার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।