সিইটিপি নির্মাণে সহায়তা দেবে আইএফসি
দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণে (সিইটিপি) কারিগরি সহায়তা দেবে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) উদ্যোগে গঠিত সংস্থা ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ।
এসইজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক ওয়ার্কশপে এ কথা জানানো হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ওয়াটার রিসোর্সেস গ্রুপ যৌথভাবে ‘অর্থনৈতিক অঞ্চলে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এ ওয়ার্কশপের আয়োজন করে।
এতে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সরকার ভবিষ্যতে বিনিয়োগের জন্য ‘ল্যান্ড ব্যাংক’ তৈরি করছে। এখন পর্যন্ত ৭৬টি এসইজেডের অনুমোদন পাওয়া গেছে। এর জন্য প্রায় ৩০ হাজার একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ বলেন, যেখানে-সেখানে শিল্প গড়ে উঠলে তার বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হয়। এ ক্ষেত্রে সমাধান হতে পারে এসইজেড।
অনুষ্ঠানে ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপের এশিয়া অঞ্চলের উপপ্রধান বাস্তিয়ান মোহারমান বক্তব্য দেন।