সীমানাপ্রাচীর নির্মাণ করে প্লটের মালিকানা রক্ষা করা যাবে না: শিল্পমন্ত্রী
সিইটিপির কাজ শেষ হবে কবে?
কথা ছিল গত মার্চের মধ্যেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপির) নির্মাণ শেষ হবে। হয়নি। এরপর বলা হলো জুনের মধ্যে এর কাজ শেষ হবে। আর এখন বলা হচ্ছে জুনের মধ্যে সিইটিপি আংশিক চালু হবে।
এই সিইটিপির কারণেই সাভারের চামড়াশিল্পনগরটি পরিবেশবান্ধব হবে। কিন্তু কাজ ঠিক কবে নাগাদ শেষ হবে, এর কোনো সুনির্দিষ্ট সময়সীমা এখন বলছে না এর নির্মাণকারীরা।
প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বলছে, জুনের মধ্যে যতটুকু কাজ শেষ হবে তা দিয়ে সিইটিপির মোট পরিশোধনক্ষমতার ২৫ শতাংশ ব্যবহার করা সম্ভব হবে।
তবে গতকাল বৃহস্পতিবার প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন শেষে বৈঠক করে সিইটিপির পরিশোধনক্ষমতা জুনের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার নির্দেশ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দ্রুত নির্মাণকাজ করলে, দ্রুততার সঙ্গে নির্মাতাপ্রতিষ্ঠানের অর্থও পরিশোধ করা হবে।
জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক মাসে সিইটিপির নির্মাণকাজে তেমন অগ্রগতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ মাস থেকে জোরেশোরে এর কাজ শুরু হয়েছে। তবে জুনের মধ্যে সর্বোচ্চ দু-একটি মডিউল চালু হতে পারে। পুরো সিইটিপির নির্মাণ শেষ করা সম্ভব হবে না।
সিইটিপির নির্মাতাপ্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভির বাংলাদেশের প্রধান মিন জো বলেন, আগামী জুনের মধ্যে সিইটিপি পরীক্ষামূলকভাবে ২৫ শতাংশ চালু করা যাবে। তবে পুরো কাজ শেষ করতে আরও কয়েক মাস লাগবে।
প্রকল্প কার্যালয় জানায়, সাভারের এই শিল্পনগরে বরাদ্দ পাওয়া ১৫৫টি শিল্প ইউনিটের মধ্যে ১৫২টি কারখানা লে-আউট পরিকল্পনা জমা দিয়েছে ও অনুমোদন পেয়েছে। ১৪৯টি শিল্প-কারখানার নির্মাণকাজ শুরু করেছে। এর মধ্যে ৯১টি কারখানার পাইলিংসহ নির্মাণের মূল কাজ শুরু করেছে।
তবে যে ৯১টি ট্যানারি কারখানা ভবনের জন্য কেবল পাইলিংয়ের কাজ শেষ করেছে, তারা এ বছরের মধ্যে কারখানার নির্মাণ শেষ হবে কি না, সে বিষয়ে সন্দিহান।
এ ছাড়া ২৮টি ট্যানারি কেবল সীমানাপ্রাচীর ও গার্ডসেড, ২৫টি ট্যানারি শুধু সীমানা নির্মাণ, ৫টি ট্যানারি শুধু গার্ডসেড নির্মাণ শেষ করেছে।
সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে এসব দেখেছেন শিল্পমন্ত্রী। পরে ট্যানারি মালিকদের হুঁশিয়ার করে তিনি বলেন, সীমানাপ্রাচীর আর গার্ডসেড নির্মাণ করে চামড়া শিল্পনগরে বরাদ্দ পাওয়া প্লটের মালিকানা রক্ষা করা যাবে না। যেসব ট্যানারি মালিক হাজারীবাগ থেকে কারখানা স্থানান্তরের নামে এ কাজ করছেন, দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে আইনি প্রক্রিয়ায় তাঁদের সেখানে স্থানান্তরে বাধ্য করা হবে।