>

সময়মতো সিইটিপি নির্মাণে ব্যর্থতা, নিম্নমানের যন্ত্রপাতি আমদানি ও অপরিশোধিত বর্জ্য ধলেশ্বরীতে ফেলার অভিযোগ
চামড়াশিল্প নগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণের দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠানকে বদল করে নতুন করে ইউরোপীয় কোনো কোম্পানিকে নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন ট্যানারি মালিকেরা। তাঁরা চীনা কোম্পানিটির বিরুদ্ধে ১৮ মাসের কাজ ৫ বছরেও শেষ করতে না পারা, নিম্নমানের যন্ত্রপাতি আমদানি ও ট্যানারির বর্জ্য অপরিশোধিত অবস্থায় নদীতে ফেলার অভিযোগ করেছেন।
রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় গতকাল রোববার চামড়া খাতের সব সংগঠন মিলে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকেরা এসব অভিযোগ করেন। এতে তাঁরা উচ্চ আদালতের আদেশ পালনে হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎসহ সব সেবার সংযোগ বিচ্ছিন্ন করতে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করবেন বলে জানান। তবে ট্যানারি বন্ধ করে দিলে চামড়াশিল্পে যে বিপর্যয় নেমে আসবে, তা থেকে উত্তরণের জন্য কিছু দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো, সাভারের চামড়াশিল্প নগরে জমির দাম নির্ধারণ করে দ্রুত মালিকানা বুঝিয়ে দেওয়া, যাতে তা বন্ধক দিয়ে ঋণ নেওয়া যায়, চামড়াশিল্প নগরে সব ট্যানারিকে গ্যাস-সংযোগ দেওয়া, যারা সেখানে জমি পায়নি, তাদের প্লট দেওয়া এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত করা।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ২০০৩ সালে চামড়াশিল্প নগর প্রকল্প নেওয়া হলেও সিইটিপি নির্মাণের কার্যাদেশ ২০১২ সালে দেওয়া হয়। এখন পর্যন্ত সেটির নির্মাণকাজ শেষ হয়নি। অথচ সর্বোচ্চ আদালতে তথ্য দেওয়া হয়েছে সিইটিপি প্রস্তুত, তা বর্জ্যের অভাবে চালু করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বাস্তব অবস্থা হচ্ছে, চামড়াশিল্প নগরে উৎপাদন শুরু করা ৫০টি ট্যানারির বর্জ্য শোধন করা সম্ভব হচ্ছে না। অপরিশোধিত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। এতে সেখানে জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
চামড়ার সবচেয়ে ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়াম আলাদা করার ইউনিট, কঠিন বর্জ্য ফেলার জায়গা বা ডাম্পিং ইয়ার্ড, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ইত্যাদির নির্মাণকাজ শুরুই হয়নি দাবি করে মহিউদ্দিন আহমেদ বলেন, চামড়াশিল্প নগরে খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখার কারণে গন্ধে স্থানীয় জনজীবনে ভোগান্তি বেড়েছে। জনরোষ তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, জাহাজীকরণের আগে পরিদর্শন ছাড়াই (পিএসআই) ১৮ কনটেইনার নিম্নমানের যন্ত্রপাতি আনা হয়েছে। যা চট্টগ্রাম
বন্দরে আটকে আছে।
চীনা ঠিকাদার বদল করার দাবিটি করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ। তিনি বলেন, চীনা ঠিকাদারকে ২০১২ সালের মার্চে কাজ দেওয়া হয়। কথা ছিল সিইটিপি নির্মাণকাজ ১৮ মাসের মধ্যে শেষ হবে। তারা কাজ এখনো শেষ করতে পারেনি। তিনি আরও বলেন, ‘আমরা চাই চীনা ঠিকাদারকে বাতিল করে ইউরোপীয় ঠিকাদার নিয়োগ করা হোক। যাতে একটি ইউরোপীয় মানের সিইটিপি নির্মাণ করা যায়।’ উল্লেখ্য, সিইটিপির ঠিকাদার চীনের জিনসু লিংঝি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি।
অনুষ্ঠানে শাহিন আহমেদ বলেন, রাজধানীতে চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের কারণে ট্যানারি মালিকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সোমবার তাদের জনসভা ও পরের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।
উল্লেখ্য, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ৬ এপ্রিলের মধ্যে ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।